দেশ

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি

ভারতীয় রেলের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি, কিন্তু অধিক পরিচিতি পেয়েছেন ক্রীড়াঙ্গনে।

Truth Of Bengal: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি শেষ নিশ্বাস ত্যাগ করলেন পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে। প্রাক্তন কংগ্রেস নেতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার হাসপাতালেই মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

কালমাডি দীর্ঘ রাজনৈতিক ও ক্রীড়া জীবনে বিশেষভাবে পরিচিত ছিলেন। ভারতীয় রেলের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি, কিন্তু অধিক পরিচিতি পেয়েছেন ক্রীড়াঙ্গনে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের দিল্লির কমনওয়েলথ গেমস সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। ওই ঘটনার কারণে কংগ্রেস তাঁকে দলের সদস্যপদ থেকে বহিষ্কার করেছিল।

২০১৬ সালে অলিম্পিক অ্যাসোসিয়েশনের লাইফ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তদন্তের নির্দেশে পদ গ্রহণ করতে পারেননি। তবে মৃত্যুর আগের এপ্রিল মাসে দিল্লির আদালতে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির ক্লোজার রিপোর্ট জমা হয়, যেখানে বলা হয়েছে দীর্ঘ তদন্তের পরও কোনও আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ২০১৪ সালে সিবিআইও এই মামলার ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল। অর্থাৎ কার্যত কালমাডি এই মামলায় ‘ক্লিন চিট’ পেয়েছেন।

কালমাডির শেষকৃত্য অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেলে পুণের বৈকুণ্ঠ শ্মশানভূমিতে। শেষকৃত্যের আগে তাঁর দেহ পরিবারের বাড়িতে রাখা হবে শ্রদ্ধা জানাতে। প্রয়াত নেতার পরিবারে স্ত্রী, পুত্র-পুত্রবধূ, কন্যা-জামাই ও নাতি-নাতনি রয়েছেন।

কালমাডি কংগ্রেসে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এবং দেশের ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয়। রাজনৈতিক ও ক্রীড়া জীবনের উত্থান-পতনের মধ্যে তিনি এক সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হলেও শেষ পর্যন্ত ন্যায় এবং পরিচ্ছন্নতার সঙ্গে ক্রীড়াঙ্গনে তাঁর নামের মর্যাদা বজায় রাখেন।