খেলা

ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধে চরম সংঘাত: কেকেআর থেকে ফিজ বাদ যেতেই আইপিএল বয়কট ঢাকার

একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে আইপিএল সংক্রান্ত সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারও।

Truth Of Bengal: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আরও জটিল হল। সোমবার মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএলের সম্প্রচার বন্ধ রাখা হবে। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে আইপিএল সংক্রান্ত সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারও।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোনও টেলিভিশন চ্যানেল আইপিএল সংক্রান্ত কিছুই সম্প্রচার করতে পারবে না। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের কোনও যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এর ফলে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। তাঁকে নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কেনে কেকেআর। তবে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েনের আবহে মুস্তাফিজু-এর আইপিএল খেলা নিয়ে ভারতে আপত্তি ওঠে। চাপ বাড়তে থাকে বিসিসিআই এবং কেকেআরের উপর। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গত শনিবার বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।

এর পরই প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। শনিবার রাতেই দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেন দল ভারতে না পাঠানো হয়। যদিও প্রথমে বিসিবির অধিকাংশ পরিচালক এত কঠোর সিদ্ধান্তের পক্ষে ছিলেন না, পরে সরকারের অনড় মনোভাবের কথা মাথায় রেখে রবিবার পরিচালকদের বৈঠকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকেও চিঠি পাঠানো হয়েছে।

বিসিবির ওই সিদ্ধান্তের পর বাংলাদেশে আইপিএল-বিরোধী সুর আরও চড়ে। রবিবারই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইঙ্গিত দেন, আইপিএলের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি হতে পারে। তার পরদিনই সোমবার আনুষ্ঠানিক ভাবে আইপিএল সংক্রান্ত সব ধরনের সম্প্রচার ও প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হল।বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে শুধু ক্রিকেটীয় সম্পর্কই নয়, দুই দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়েও বড় ধাক্কা লাগতে পারে। আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ লিগ। বাংলাদেশে তার সম্প্রচার বন্ধ হওয়ায় সে দেশের ক্রিকেটপ্রেমীরা টুর্নামেন্ট উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হলেন।

Related Articles