“মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, ছিনিয়ে নিল জঙ্গলরাজ”, অভয়ার মায়ের হাত ধরে আবেগপ্রবণ মোদি
তৃণমূলের ‘নারী-বিরোধী’ শাসনের দিন শেষ? পানিহাটির মাঠে দাঁড়িয়ে বাংলার মা-বোনেদের বড় গ্যারান্টি প্রধানমন্ত্রীর
Truth of Bengal: সোদপুরের অমরাবতী মাঠে বিজেপির জনসভা থেকে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল পানিহাটি। বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে তাঁর হাত ধরে দাঁড়িয়েই বাংলার মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে এদিন ফের একবার তৃণমূলের ‘জঙ্গলরাজ’কে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে সভায় যোগ দেন মোদি। সভার শুরুতেই প্রার্থীর হাত ধরে তাঁকে পাশে নিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী। ভিড়ে ঠাসা জনতাকে লক্ষ্য করে তিনি বলেন, “এই মা অনেক স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে তাঁর কোল থেকে ছিনিয়ে নিয়েছে। সেই লড়াইকে সম্মান জানাতেই আজ এই মাকে প্রার্থী করেছে বিজেপি।” শাসকের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “তৃণমূল আপাদমস্তক নারী-বিরোধী। বাংলার নারীশক্তির ওপর তাঁরা অনেক অত্যাচার করেছে।”
এদিন পানিহাটির মঞ্চ থেকে এক বড়সড় হুঁশিয়ারিও দিয়ে রাখলেন নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেন, আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলায় নারী নির্যাতনের যত মামলা ধামাচাপা পড়ে রয়েছে বা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সব ফাইল পুনরায় খোলা হবে। মোদির কথায়, “তৃণমূল নারীদের ওপর যত অত্যাচার করেছে, ৪ মের পর সেই সব অত্যাচারের ফাইল আবার খোলা হবে। এটা মোদির গ্যারান্টি।”
আরজি করের নির্যাতিতার মায়ের চোখে জল দেখে এদিন কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত জনতাও। রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে আরজি কর ইস্যুকে ফের চাগিয়ে দিয়ে মোদী বুঝিয়ে দিলেন, নারী নিরাপত্তা ও বিচার পাওয়ার লড়াইকেই ২০২৬-এর নির্বাচনে তুরুপের তাস করতে চাইছে বিজেপি।






