খেলা

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যেতে পারেন আয়ূষ মাত্রে

হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

Truth Of Bengal: আইপিএলের মাঝেই বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তরুণ ব্যাটার আয়ূষ মাত্রে। প্রাথমিক অনুমান, বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে ১৮ বছরের এই প্রতিভাবান ক্রিকেটারকে। এমনকি এবারের আইপিএলে তাঁকে আর দেখা নাও যেতে পারে।

চলতি মরশুমে ভাল ফর্মে ছিলেন মাত্রে। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে তিন নম্বরে নামানো হয়েছিল। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু সেই ইনিংসের মাঝেই বিপত্তি। দৌড়ে দুই রান নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিংয়ে ফিরলেও অস্বস্তি স্পষ্ট ছিল তাঁর নড়াচড়ায়। শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি।

মাত্রের চোট নিয়ে ম্যাচ শেষে উদ্বেগ প্রকাশ করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। তিনি জানিয়েছেন, চোট কতটা গুরুতর তা এখনই বলা সম্ভব নয়। স্ক্যানের পরই পরিষ্কার হবে পরিস্থিতি। রবিবার বা সোমবার স্ক্যান হওয়ার কথা। তবে প্রাথমিক ভাবে চোট বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। তাঁর কথায়, মাত্রে যদি খেলতে না পারেন, তা হলে দলের জন্য বড় ক্ষতি হবে, কারণ তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন।

মাত্রে না খেলতে পারলে দলের ভারসাম্যে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে নতুনদের সুযোগ তৈরি হওয়ার দিকটিও তুলে ধরেছেন হাসি। তাঁর মতে, দলে আরও কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যারা এখনও সুযোগ পাননি। এবার তাঁদের সামনে দরজা খুলতে পারে। যদিও মাত্রের চোটে স্বাভাবিকভাবেই হতাশ শিবির। এখন অপেক্ষা শুধু স্ক্যান রিপোর্টের।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচে ২০১ রান করেছেন মাত্রে। তাঁর স্ট্রাইক রেট ১৭৭.৮৭। ইতিমধ্যেই দু’টি শতরান করেছেন এই তরুণ ব্যাটার। বর্তমানে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ফলে তাঁর সম্ভাব্য অনুপস্থিতি চেন্নাইয়ের জন্য যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।

Related Articles