Tirupati Temple: বন্ধ তিরুপতি মন্দিরের দরজা! ভক্তদের প্রবেশে জারি নিষেধাজ্ঞা
হিন্দু ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় বিধি মেনেই মন্দিরের দর্শনের সূচিতে এই আমূল পরিবর্তন আনা হয়েছে।
Truth of Bengal: চন্দ্রগ্রহণের কারণে আগামী ৩ মার্চ দীর্ঘ সময় বন্ধ থাকতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় স্থান তিরুমালা তিরুপতি মন্দির। তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন টানা ১০ ঘণ্টারও বেশি সময় ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। আগামী ৩ মার্চ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৩টে ২০ মিনিটে এবং তা চলবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। হিন্দু ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় বিধি মেনেই মন্দিরের দর্শনের সূচিতে এই আমূল পরিবর্তন আনা হয়েছে।
সাধারণত গ্রহণের কয়েক ঘণ্টা আগে থেকেই সূতক কাল বা অশুভ সময় শুরু হয়ে যায়। তাই ৩ মার্চ সকালেই মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। গ্রহণ শেষ হওয়ার পর রাত সাড়ে ৮টা নাগাদ মন্দির চত্বর এবং গর্ভগৃহ সম্পূর্ণ ধুয়ে মুছে পবিত্র বা শুদ্ধিকরণ করা হবে। এই শুদ্ধি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কেবল সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা পুনরায় খোলা হবে।
চন্দ্রগ্রহণের জেরে ওই দিন মন্দিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিশেষ পুজো বাতিল করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। বাতিল হওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দেবতাদের বিয়ের উৎসব বা কল্যাণোৎসবম, দোলনা উৎসব বা উঞ্জল সেবা, অর্জিত ব্রহ্মোৎসবম এবং সহস্র দীপ অলঙ্কার সেবার মতো জনপ্রিয় আচারগুলো। এ ছাড়া বিগ্রহের শ্রীচরণ পুজোও ওই দিন স্থগিত থাকবে। তবে যে সমস্ত ভক্তরা এই অনুষ্ঠানগুলোর জন্য অনেক আগে থেকে অনলাইন বা অফলাইনে বুকিং সেরে রেখেছিলেন, তাদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। সেই নির্দিষ্ট নিয়ম মেনেই কেবল তাদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
হিন্দু শাস্ত্র মতে, গ্রহণের সময়কে আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং অশুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাহু ও কেতুর প্রভাবে এই সময় নেতিবাচক শক্তির প্রকোপ বৃদ্ধি পায়। সেই কারণেই গ্রহণের সূতক কাল চলাকালীন মন্দিরে দেবতার পুজো, ভোগ নিবেদন বা কোনো মাঙ্গলিক কাজ করা হয় না। মনে করা হয়, এই বিশেষ সময়ে বিগ্রহ বিশ্রামে থাকেন। এই পবিত্রতা বজায় রাখতেই প্রতি বছরের মতো এবারও চন্দ্রগ্রহণের দিন তিরুপতি মন্দিরে ভক্তদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে।





