India Steel Import: সস্তা চিনা ইস্পাতে রাশ টানতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, তিন বছরের জন্য বিশেষ শুল্ক আরোপ
মূলত ঘরোয়া অর্থনীতিকে চাঙ্গা রাখা এবং বিদেশি অসম প্রতিযোগিতা থেকে দেশীয় উৎপাদকদের আড়াল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Truth of Bengal: দেশীয় ইস্পাত শিল্পকে রক্ষা করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। চিন থেকে আসা সস্তা ইস্পাত পণ্যের দাপট রুখতে আমদানিকৃত নির্দিষ্ট কিছু ইস্পাত সামগ্রীর ওপর তিন বছরের জন্য বিশেষ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শুল্ক হার প্রথম বছর ১২ শতাংশ থেকে শুরু হয়ে পরবর্তী তিন বছরে ধাপে ধাপে ১১ শতাংশে নামিয়ে আনা হবে। মূলত ঘরোয়া অর্থনীতিকে চাঙ্গা রাখা এবং বিদেশি অসম প্রতিযোগিতা থেকে দেশীয় উৎপাদকদের আড়াল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ। কিন্তু গত কয়েক বছর ধরে চিন, ভিয়েতনাম এবং নেপালের মতো দেশ থেকে অত্যন্ত কম দামে নিম্নমানের ইস্পাত পণ্য ভারতে চলে আসায় সংকটে পড়েছিলেন দেশীয় ইস্পাত নির্মাতারা। সস্তা হওয়ার কারণে গুণমান কম থাকা সত্ত্বেও আমদানিকৃত এই পণ্যগুলো বাজারের বড় অংশ দখল করে নিচ্ছিল। নতুন এই শুল্ক নীতি প্রধানত চিন, ভিয়েতনাম এবং নেপালের ওপর কার্যকর হবে, যদিও বিশেষ ছাড় পাবে কিছু নির্দিষ্ট উন্নয়নশীল দেশ। তবে স্টেইনলেস স্টিলের মতো বিশেষ কিছু ইস্পাত পণ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
এর আগেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত এপ্রিল মাসে ২০০ দিনের জন্য ১২ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। এবার ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ বা ডিজিটিআর-এর সুপারিশ মেনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাঁটল সরকার। বিশ্ববাজারের এই অস্থির পরিস্থিতিতে নিজেদের বাজার বাঁচাতে এর আগে দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলোও একই ধরনের বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করেছিল। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ইস্পাত কারখানাগুলি অক্সিজেন পাবে এবং দেশের বাজারে দেশীয় পণ্যের চাহিদা বাড়বে। তবে চিনা পণ্যের এই সস্তা আমদানির স্রোত পুরোপুরি বন্ধ করা কতটা সম্ভব হবে, তা নিয়ে নজর রাখছে শিল্প মহল।



