বিনোদন

দীপিকা আউট, আলিয়া ইন? ‘কল্কি ২’ এর কাস্টিংয়ে বড় চমক

দীপিকার পরিবর্তে ‘কল্কি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে

Truth of Bengal: ২০২৪ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল দক্ষিণী ছবি ‘কল্কি 2898 এডি’। অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের দাপুটে উপস্থিতি ছবিটিকে প্যান-ইন্ডিয়া স্তরে বিপুল সাফল্য এনে দেয়। বিশেষ করে গর্ভাবস্থায় ছবির প্রচারে দীপিকার উপস্থিতি নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। প্রথম পর্বের সাফল্যের পর থেকেই দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে এবার সেই সিক্যুয়েল ঘিরেই নতুন জল্পনা—‘কল্কি ২’-এ কি দীপিকার জায়গায় দেখা যাবে আলিয়া ভাটকে? প্রথম ছবিতে সুমতি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। ছবির গল্পে এই চরিত্রের গুরুত্ব ছিল যথেষ্ট। তাই দ্বিতীয় ভাগেও তাঁর ফেরার সম্ভাবনা নিয়েই শুরুতে আলোচনা চলছিল। কিন্তু পরে আট ঘণ্টার শিফট বিতর্কের জেরে দীপিকার নাম ‘কল্কি ২’ থেকে বাদ পড়েছে বলে জল্পনা ছড়ায়। যদিও এই বিষয়ে দীপিকা এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।

Alia Bhatt greets audience in Hindi at BAFTA 2026, says Raha inspires her

এর মধ্যেই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, দীপিকার পরিবর্তে ‘কল্কি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে। নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সূত্রের খবর, আলিয়া ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন। হায়দরাবাদে নাকি পাঁচ দিনের শুটিংও সেরে ফেলেছেন তিনি। জল্পনা সত্যি হলে প্রভাস ও পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে এটিই হবে আলিয়ার প্রথম কাজ। প্রথমে শোনা গিয়েছিল, আলিয়া হয়তো সুমতি চরিত্রেই অভিনয় করবেন। তবে সাম্প্রতিক খবর বলছে, দীপিকার চরিত্রে নয়, বরং সম্পূর্ণ আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে, সুমতি চরিত্রের জন্য সাই পল্লবীর নাম নিয়েও চর্চা চলছে। ফলে ‘কল্কি ২’-এর কাস্টিং নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

Alia Bhatt on dealing with ADHD: 'I have been zoning out from things since  childhood…' | Bollywood News - The Indian Express

বর্তমানে আলিয়া ব্যস্ত তাঁর নতুন ছবি ‘আলফা’র প্রচারে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সেই ছবির। তার মাঝেই ‘কল্কি ২’-এ তাঁর নাম জড়ানোয় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। বলিউড থেকে দক্ষিণী সিনেমা—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা আরও শক্ত করতে চলেছেন আলিয়া, এমনটাই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, ২০২৫ সাল জুড়েই ‘কল্কি ২’-এর কাস্টিং নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। কখনও দীপিকা পাড়ুকোনকে ঘিরে শিফট বিতর্ক, কখনও প্রিয়াঙ্কা চোপড়ার প্রস্তাব নাকচের খবর—সব মিলিয়ে সিক্যুয়েল ঘিরে জলঘোলা কম হয়নি। যাবতীয় বিতর্ক সরিয়ে ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বিন। রিপোর্ট অনুযায়ী, দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পারে ‘কল্কি ২’। যদিও নির্দিষ্ট মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

Related Articles