মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মাঝেই ডিজেল এটিএফ রপ্তানিতে শুল্ক বাড়াল কেন্দ্র
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেল রপ্তানির ক্ষেত্রে প্রতি লিটারে বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক ১৩.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে।
Truth of Bengal: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যে দেশীয় বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সোমবার ডিজেল ও বিমানের জ্বালানি (এটিএফ) রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক বৃদ্ধি করার ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। ১৬ জুন থেকেই নতুন শুল্কহার কার্যকর হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেল রপ্তানির ক্ষেত্রে প্রতি লিটারে বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক ১৩.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। একই সঙ্গে এটিএফ রপ্তানির উপর শুল্ক ৯.৫০ টাকা থেকে বাড়িয়ে ১২.৫০ টাকা প্রতি লিটার করা হয়েছে। তবে পেট্রোল রপ্তানির উপর বর্তমান শুল্কের হার অপরিবর্তিত রাখা হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল-ডিজেলের দামের উপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট করেছে কেন্দ্র।
সরকারি সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিকারক সংস্থাগুলি অতিরিক্ত মুনাফার সুযোগ পাচ্ছিল। সেই সুযোগে যাতে দেশীয় বাজারে জ্বালানির ঘাটতি তৈরি না হয় এবং তেল সংস্থাগুলি বিদেশে অতিরিক্ত রপ্তানির দিকে ঝুঁকে না পড়ে, সেই লক্ষ্যেই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার ফলে গত কয়েক মাস ধরে বিশ্ব তেল বাজারে অস্থিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে গত ২৬ মার্চ ডিজেল ও এটিএফ রপ্তানির উপর উইন্ডফল ট্যাক্স চালু করে কেন্দ্র। পরে ১৬ মে পেট্রোল রপ্তানির উপরও কর আরোপ করা হয়। সেই নীতির ধারাবাহিকতাতেই এবার ডিজেল ও এটিএফের ক্ষেত্রে শুল্কের হার আরও বৃদ্ধি করা হল।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সুযোগে অতিরিক্ত মুনাফা রোধ করা এবং দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখাই কেন্দ্রের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। যদিও হরমুজ প্রণালী আংশিকভাবে খুলতে শুরু করেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে, তবুও ভবিষ্যতের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সতর্ক অবস্থান নিয়েছে সরকার।





