মাত্র ৬২ রান বাকি,শুভমানকে টপকে সর্বাধিক রানের তকমা পেতে চলেছেন স্মৃতি মান্ধানা
মিতালি রাজের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার, যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন।
Truth Of Bengal: ২০২৫ সালটা কার্যত নিজের করে নিয়েছেন স্মৃতি মান্ধানা। বিশ্বকাপ জয় থেকে শুরু করে ধারাবাহিক রান, বড় ইনিংস—সব মিলিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মুখ হয়ে উঠেছেন তিনি। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠার থেকে এখন মাত্র এক ধাপ দূরে স্মৃতি। সামনে শুধু শুভমান গিলকে টপকে যাওয়ার সুযোগ।চলতি বছরে এখনও পর্যন্ত স্মৃতির সংগ্রহ ১ হাজার ৭০৩ রান। অন্যদিকে, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৫ সালে সবচেয়ে বেশি রান করেছেন শুভমান গিল—১ হাজার ৭৬৪। অর্থাৎ, শীর্ষে পৌঁছতে স্মৃতির দরকার মাত্র ৬২ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচেই সেই সুযোগ আসছে। সিরিজ ইতিমধ্যেই ভারতের পকেটে, ফলে সব আলো এখন স্মৃতির ব্যাটের দিকেই।
ওয়ানডে ও টি-২০ মিলিয়ে চলতি মরশুমে স্মৃতির মোট রান ১ হাজার ৭০৩—মহিলা ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে যা সর্বাধিক। ওপেনিংয়ে নেমে নানা কন্ডিশনে ধারাবাহিক রান করা ও দলকে এগিয়ে নিয়ে যাওয়া—সব মিলিয়ে ভারতীয় সাফল্যের মেরুদণ্ডে পরিণত হয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। ব্যক্তিগত রেকর্ড যেন তাঁর কাছে টিম সাফল্যেরই স্বাভাবিক ফল। চলতি সিরিজেই স্মৃতি পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরোনো ব্যাটারদের তালিকায়।
মিতালি রাজের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার, যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন। গোটা বিশ্বে এই তালিকায় রয়েছেন মাত্র চারজন—মিতালি রাজ, সুজি বেটস, শার্লট এডওয়ার্ডস ও স্মৃতি মান্ধানা। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। পরিসংখ্যানেই ধরা পড়ে স্মৃতির আধিপত্য। টেস্টে ৭ ম্যাচে ৬২৯ রান, গড় ৫৭.১৮ ও ২টি শতরান। ওয়ানডেতে ১১৭ ম্যাচে ৫৩২২ রান, গড় ৪৮.৩৮, শতরান ১৪টি। টি-২০-তে ১৫৭ ম্যাচে ৪১০২ রান—এই ফরম্যাটে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। সাম্প্রতিক ইনিংসেই ছিল তার উজ্জ্বল প্রমাণ—৪৮ বলে ৮০ রান, ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো ঝোড়ো ব্যাটিং, যার সুবাদে ভারত তোলে ২২১/২, মহিলা টি-২০ ক্রিকেটে দেশের সর্বোচ্চ দলগত স্কোর।




