ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন স্মৃতি
এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত লড়াই করলেন স্মৃতি মান্ধনা।
Truth Of Bengal: গত রবিবার মহিলা বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের কাছে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনীকে। পাকিস্তানকে হারিয়েও তার পর, দুটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর এবার ইংল্যান্ডের কাছেও লড়াই করে জয় অধরা থাকল হরমনপ্রীত কাউরদের। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত লড়াই করলেন স্মৃতি মান্ধনা। তাঁর ব্যাট থেকেই এসেছিল মূল্যবান ৮৮ রান। কিন্তু তবুও দলের জয় আসেনি। ম্যাচ হেরে তাই কান্নায় ভেঙে পড়লেন স্মৃতি।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে স্মৃতি এই ম্যাচে লড়াই করেও হারের দায় নিজের কাঁধে তুলে নিলেন। চোখের জল ফেলতে ফেলতে তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররা ইংল্যান্ড বোলারদের সামনে ঠিকভাবে শট খেলতে পারেননি। এই তালিকায় আমার নামও থাকবে। আমার উচিত ছিল আরও ভাল শট খেলা। এবং লড়াই করেও যেহেতু শেষ পর্যন্ত ম্যাচে হারতে হয়েছে, তাই ম্যাচ হারের দায় আমারও।’
স্মৃতির আরও সংযোজন, ‘আমি যে সময়ে আউট হয়েছি, সেটা একদম ঠিক সময় নয়। আমার উচিত ছিল তখন আরও ধৈর্য অবলম্বন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু সেটা হয়নি। সে কারণে দায় আমিও এড়াতে পারি না।’
ভারতের পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী বৃহস্পতিবার এই ম্যাচ স্মৃতিদের কাছে কার্যত ডু-অর-ডাই ম্যাচ। সেই ম্যাচ প্রসঙ্গে স্মৃতি জানান, ‘বিশ্বকাপে টিকে থাকতে গেলে কিউয়িদের কাছে ওই ম্যাচ অত্যন্ত ভাইটাল তা অস্বীকার করার উপায় নেই। আমরা সকলে চেষ্টা করব ওই ম্যাচটা জেতার জন্য।’




