কলকাতা

বিরাটির যদুবাবু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, যদুবাজারের প্রায় ২০০টি দোকান আগুনে পুড়ে খাক হয়ে গেছে।

Truth Of Bengal: উৎসবের মরসুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে। সোমবার গভীর রাত দেড়টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বাজারকে গ্রাস করে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। তবে রাতে তীব্র হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা দমকলকর্মীদের জন্য যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়।

রাস্তা সরু হওয়ার কারণে দমকলের গাড়িগুলি বাজারের ভিতরে প্রবেশ করতে পারেনি। তাই পাশের উড়ালপুলে দাঁড় করিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকল জানিয়েছে, যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, বাজারে এখনও সাদা ধোঁয়া উঠছে এবং কিছু দোকানে পকেট ফায়ার কাজ করছে।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, যদুবাজারের প্রায় ২০০টি দোকান আগুনে পুড়ে খাক হয়ে গেছে। ব্যবসায়ীরা কার্যত সর্বস্বান্ত হয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে প্রথমে একটি দোকান আগুনে জ্বলে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের খবর দেওয়া হলেও তাদের আসার আগেই ব্যাপক ক্ষতি হয়ে গেছে। এছাড়াও বাজারের ঘিঞ্জি গলিগুলো আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হিসেবে ধরা হচ্ছে।

এ ঘটনায় যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ, বাজারের চারপাশে ফ্ল্যাট ও ঘন জনবসতি রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে গেলে প্রাণহানির আশঙ্কাও ছিল।

বছরের শেষ ক’দিনে উৎসবের আমেজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকের দোকানের সামগ্রী ছাড়াও নগদ টাকা আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ লাখ টাকার মধ্যে হতে পারে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ক্ষতি পূরণ করতে যথেষ্ট সময় লাগবে এবং কীভাবে তা সামলাবেন, তা ভেবে উঠতেও পারছেন না। সব মিলিয়ে বলা যায়, বছরের শেষের এই অগ্নিকাণ্ড তাদের জীবনে এক ভয়ংকর অভিশাপ হয়ে রইল।

Related Articles