কলকাতা

উত্তুরে হাওয়ার ঝোড়ো ব্যাটিং! বছরের শেষবেলায় শীতের কামড়ে কাবু গোটা রাজ্য

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার কিছুটা ওঠানামা থাকলেও উত্তরবঙ্গে শীতের দাপট প্রবল।

Truth Of Bengal: রাজ্যজুড়ে এখন হাড়কাঁপানো ঠান্ডার দাপট; কম্বল কিম্বা সোয়েটার— কোনো কিছুতেই যেন কাবু করা যাচ্ছে না পৌষের এই কনকনে কামড়কে। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যই এখন কার্যত কাঁপছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার কিছুটা ওঠানামা থাকলেও উত্তরবঙ্গে শীতের দাপট প্রবল। তবে শীতপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, বছরের শেষ তিন দিন আবহাওয়া মোটের ওপর একই রকম থাকলেও ৩১ ডিসেম্বর থেকে পারদ চড়তে শুরু করবে। নতুন বছরের শুরুতেই একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের আমেজ কিছুটা হলেও ফিকে হতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী চার দিন ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল হবে। আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বছরের শেষ ক’দিন পশ্চিমের জেলাগুলোতে পারদ ৯ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে, অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই বরং শৈত্যপ্রবাহের আমেজ বজায় থাকবে। সবথেকে বড় খবর হলো, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং ও তার সংলগ্ন পার্বত্য এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুয়াশার দাপট উত্তরবঙ্গে মারাত্মক আকার ধারণ করেছে; বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারের কিছু অংশে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসায় যানচলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া দফতর।

Related Articles