রাজ্যের খবর

বালুরঘাটে সেনা–বায়ুসেনার মহড়া, দেখানো হবে ‘অপারেশন সিঁদুর’-এর অস্ত্র

কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় সেনার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও আকাশপথে বিশেষ মহড়া প্রদর্শন করা হবে, যা নিঃসন্দেহে দর্শকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : আগামী ২১ ও ২২ ডিসেম্বর ভারতীয় সেনার উদ্যোগে বালুরঘাটে আয়োজিত হতে চলেছে বিশেষ কর্মসূচি— স্বশক্ত সেনা, সমৃদ্ধ ভারত। এই দু’দিনের কর্মসূচিতে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে ভারতীয় সেনা ও বায়ুসেনার বিভিন্ন আধুনিক মহড়া, অস্ত্রশস্ত্র এবং সামরিক সক্ষমতার চিত্র। সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু শক্তি প্রদর্শন নয়, বরং সীমান্তবর্তী এলাকার মানুষকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করানো। সেই সঙ্গে দেশের যুবসমাজকে সেনাবাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় সেনার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও আকাশপথে বিশেষ মহড়া প্রদর্শন করা হবে, যা নিঃসন্দেহে দর্শকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। এই সামরিক প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘অপারেশন সিঁদুর’। ওই অভিযানের সময় ভারতীয় সেনা যে সমস্ত আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেছিল, সেগুলিও প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে সেনার কৌশল, প্রযুক্তিগত দক্ষতা এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ব্যবস্থাপনার এক ঝলক দেখতে পাবেন সাধারণ মানুষ।

বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় এই কর্মসূচির কথা জানিয়ে বলেন, ২১ ও ২২ ডিসেম্বর আমাদের জেলার সদর শহর বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলেছে সেনা মেলা। একে আমরা বলতে পারি— শক্তিশালী সেনা, শক্তিশালী ভারত। অপারেশন সিন্দুরে ব্যবহৃত অস্ত্রশস্ত্র এখানে প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী আজ কতটা শক্তিশালী, তার বাস্তব চিত্র জেলাবাসীর সামনে তুলে ধরা হবে।তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে জেলার যুবক-যুবতীদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে অনুপ্রাণিত করা হবে। সীমান্তবর্তী জেলা হিসেবে বালুরঘাটে এই ধরনের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মত তাঁর।সব মিলিয়ে, দু’দিনের এই সামরিক প্রদর্শনী ঘিরে ইতিমধ্যেই জেলার মানুষের মধ্যে কৌতূহল ও উত্তেজনা তুঙ্গে।

Related Articles