আন্তর্জাতিক

নাইজারের ক্যাথলিক স্কুলে অপহৃত ১০০ পড়ুয়া উদ্ধার, এখনও পণবন্দি বহু

Truth Of Bengal: নাইজেরিয়ার নাইজার স্টেটে গত মাসে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর এবার কিছু ভালো খবর এসেছে। নাইজার স্টেটের একটি ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ জন পড়ুয়া এবং ১২ জন শিক্ষককে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে ১০০ জনকে নিরাপদে উদ্ধার করেছে নাইজেরিয়ার সরকার। সোমবার, নাইজারের রাজধানী মিন্নার সরকারি ভবনে ওই পড়ুয়াদের আনা হয়। উদ্ধার অভিযানে সশস্ত্র সেনাবাহিনী এবং আর্মড ফোর্সের ভ্যান বাস ব্যবহার করা হয় এবং পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সরকারি সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া পড়ুয়াদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। বাস থেকে নামার সময় তারা ফুটবল জার্সি এবং চটি পরে উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গভর্নর উমর বাগোসহ একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বাকি অপহৃত পড়ুয়াদেরও উদ্ধারের চেষ্টা চলছে। তবে, এই ১০০ জন পড়ুয়াদের উদ্ধার কিভাবে করা হয়েছে—মুক্তিপণ দিয়ে নাকি অন্য কোনো উপায়ে—তার বিস্তারিত জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকারী সহায়তায় মিন্না থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে তাদের আবাসিক স্কুলে পাঠানো হবে, যেখানে পড়ুয়ারা পরিবারকে সঙ্গে মিলিত হবে। নাসারওয়া প্রদেশের গভর্নর আব্দুল্লাহি সুলে জানান, এই উদ্ধার অভিযানে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে নিরাপত্তার কারণে পুরো প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

যে কারণে এই ধরনের অপহরণ ঘটেছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান অনুযায়ী, নাইজেরিয়ার বিভিন্ন স্থানীয় জঙ্গি সংগঠন এই কাজের সঙ্গে যুক্ত, যারা মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ চালায়। যদিও সরকারের তরফে মুক্তিপণ প্রদানের কোনো অনুমোদন নেই। অন্যদিকে, দেশীয় সূত্রে বলা হচ্ছে, কোনো জিহাদি সংগঠনও এই অপহরণে জড়িত থাকতে পারে।

Related Articles