পাক–আফগান সীমান্তে ফের তীব্র সংঘর্ষ, এলাকা ছেড়ে পালালেন স্থানীয়রা
ডুরান্ড লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে তালিবান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।
Truth Of Bengal: পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার গভীর রাতে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় দেখা গেছে। আফগানিস্তানের স্পিন বলডক অঞ্চলে গোলাগুলি শুরু হতেই স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
কান্দাহারের কাছে এক শহরের হাসপাতালে পাওয়া খবর অনুযায়ী, গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। পাকিস্তান–আফগান সীমান্ত সংলগ্ন অঞ্চল প্রায় আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত। স্পিন বলডকও তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলাকা। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে তালিবান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।
সংঘর্ষের ফলে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতি আনার লক্ষ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তিনবার বৈঠক হয়েছে। তবে বৈঠকগুলো থেকে কোনও সমাধান বের হয়নি। ইসলামাবাদের দাবি, তালিবানরা টিটিপি সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং তাদের সদস্যদের পাকিস্তানের হাতে হস্তান্তর করুক। একই সঙ্গে ডুরান্ড লাইনের বরাবর একটি বাফার জোন তৈরি করতে হবে।
আফগানিস্তান এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এবং তেমন কোনো আশ্রয় দেওয়া হয়নি টিটিপিকে। ফলে সংঘর্ষ অব্যাহত রয়েছে। পাকিস্তান আরও হুঁশিয়ারি দিয়েছে, যদি আফগান সরকার সমঝোতার পথে না আসে এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব মেনে না চলে, তবে সরকার পরিবর্তনেরও হুমকি দিয়েছে। কাবুলে সরকারবিরোধী গোষ্ঠীকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। এ অবস্থায় তালিবানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং সংঘর্ষের তীব্রতা বজায় রেখেছে।


