তিন দিনে ১ কোটির বিক্রি! নস্টালজিক ল্যান্ডলাইন হ্যান্ডসেট তৈরি করে বাজিমাত তরুণীর
চলতি বছরের জুলাই মাসে তিনি এই ডিভাইসের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে হাজার হাজার মানুষ আগ্রহ দেখান।
Truth Of Bengal: যুক্তরাষ্ট্রের এক তরুণী টেক উদ্যোক্তা নিজের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমাতে অভিনব উদ্যোগ। পুরনো ধাঁচের ল্যান্ডলাইন ফোনের আইডিয়া নিয়ে কাজ করেছেন তরুণী। তাঁর তৈরি ব্লুটুথ-সংযুক্ত হ্যান্ডসেট এখন ভাইরাল হয়ে গেছে। ক্যাট গোয়েটজে (অনলাইনে CatGPT নামে পরিচিত) ২০২৩ সালে একটি পুরনো গোলাপি ক্ল্যামশেল হ্যান্ডসেট সংস্কার করে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করেন। এটি দিয়ে তিনি কল রিসিভ ও করতে পারতেন।
চলতি বছরের জুলাই মাসে তিনি এই ডিভাইসের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে হাজার হাজার মানুষ আগ্রহ দেখান। এরপর তিনি ‘Physical Phones’ নামে অনলাইন দোকান চালু করেন। প্রত্যাশা ছিল ১৫-২০টি প্রি-অর্ডার। কিন্তু মাত্র তিন দিনের মধ্যে বিক্রি হয় ১,২০,০০০ মার্কিন ডলার (প্রায় ১ কোটি টাকা) মূল্যের পণ্য। অক্টোবরের শেষ নাগাদ ৩,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে এবং মোট আয় দাঁড়িয়েছে ২,৮০,০০০ ডলারেরও বেশি।
বর্তমানে Physical Phones-এ পাঁচ ধরনের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে, যার মূল্য ৯০ থেকে ১১০ ডলার। এগুলো আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ব্লুটুথে যুক্ত হয় এবং WhatsApp, FaceTime, Instagram, Snapchat-সহ সাধারণ কলও রিসিভ করা যায়। গোয়েটজে জানিয়েছেন, উৎপাদন বাড়াতে তিনি একটি ইলেকট্রনিক্স কারখানার সঙ্গে চুক্তি করেছেন। ডিসেম্বর ২০২৫ থেকে প্রথম বড় ব্যাচ শিপিং শুরু হবে। তিনি মনে করেন, অতিরিক্ত স্ক্রিন টাইমের বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান অসন্তোষ এই পণ্যের সাফল্যের অন্যতম কারণ।


