Newtown Accident: ইকো পার্কের কাছে দ্রুত গতির গাড়ির ধাক্কা, বাইক আরোহী সহ ৭ জন গুরুতর জখম
নিউটাউনের ইকোপার্ক চার নম্বর গেটের সামনে এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Truth of Bengal: শনিবার সাতসকালে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় রীতিমতো থমথমে হয়ে গেল বিধাননগরের নিউটাউন এলাকা। দ্রুত গতিতে ছুটে আসা একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় একজন বাইক আরোহী সহ মোট সাতজন সাধারণ মানুষ গুরুতর জখম হয়েছেন। নিউটাউনের ইকোপার্ক চার নম্বর গেটের সামনে এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বিশ্ব বাংলা গেটের দিক থেকে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিল ঘাতক গাড়িটি। চালক প্রবল গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার মাঝের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। কিন্তু ধাক্কা খেয়েও সেটি থামানো সম্ভব হয়নি; উল্টে ডিভাইডার টপকে গাড়িটি পাশের অ্যাপ্রোচ রোডে চলে আসে।
অ্যাপ্রোচ রোডে আসার পরই প্রথমে একটি বাইককে ধাক্কা মারে এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সংঘর্ষের জেরে বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়েন। এরপর অদূরে বাসস্টপে অপেক্ষারত এক মহিলা-সহ আরও ছয়জন সাধারণ মানুষকে ধাক্কা মারে গাড়িটি। আহতদের উদ্ধারে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে চালক নিজেও জখম অবস্থায় ফুটপাতে বসেছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং ওই চালককে আটক করা হয়েছে। পাশাপাশি, ঘাতক গাড়িটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের বেপরোয়া গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।






