রাজ্যের খবর

Anubrata Mandal: বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়ে জাঁকজমকভাবে পালিত অনুব্রত মণ্ডলের ৬৭তম জন্মদিন

৭তম জন্মদিন উপলক্ষে দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস।

সৌতিক চক্রবর্তী, বোলপুর: বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির গড়ে উঠল শুক্রবার। প্রথমবার জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্যোগে দলীয় কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের জন্মদিন পালিত হলো জাঁকজমকভাবে। ৬৭তম জন্মদিন উপলক্ষে দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস।শুক্রবার সকালে নিত্যদিনের মতোই ঘুম থেকে উঠে রুটিনমাফিক দিনের কাজ শুরু করেন অনুব্রত মণ্ডল। তার কিছুক্ষণ পরেই বোলপুরের নীচুপট্টি এলাকায় দুই প্রজন্মের মানুষ— পাড়ার ছেলে-মেয়েরা ও স্থানীয় বাসিন্দারা— স্বতঃস্ফূর্তভাবে তাঁর জন্মদিন উদযাপন করেন। কেক কাটা ও শুভেচ্ছা জানাতে ভিড় জমে যায় ওই এলাকায়।

এরপর বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের নেতৃত্বের পক্ষ থেকে আরেক দফা অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা সভাপতি, ব্লক নেতৃত্ব, বিভিন্ন সেল-এর প্রতিনিধিসহ বহু কর্মী উপস্থিত ছিলেন এই আয়োজনে। ব্যানার-ফেস্টুন, ফুলের তোড়া এবং কেক কেটে জন্মদিন পালন করেন দলীয় নেতৃত্ব। উৎসবমুখর পরিবেশে তৃণমূল কার্যালয় সাজিয়ে তোলা হয়। ২১ নভেম্বর অনুব্রত মণ্ডলের জন্মদিনকে কেন্দ্র করে দিনভর শুভেচ্ছার বন্যা দেখা যায়। বিভিন্ন জায়গা থেকে ফোন, বার্তা ও ফুলের শুভেচ্ছায় ভরে ওঠে দলীয় কার্যালয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, “সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে চাই।”

দলীয় কর্মীদের মতে, জেলা তৃণমূলের পক্ষ থেকে এই প্রথম কোনও আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সংগঠনের ঐক্য, একজোটতা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতীক হিসেবেই তারা এই উদযাপনকে দেখছেন।দিনভর বিভিন্ন এলাকায়ও তৃণমূল কর্মীরা ছোট ছোট আয়োজন করে জন্মদিন পালন করেন, যা জন্মদিনকে আরও বিশেষ করে তুলেছে।

Related Articles