রাজ্যের খবর

Sagar Island: ‘রক্তে লিখে গেলাম ভালোবাসা’! প্রেমিকার পরিবারের চূড়ান্ত অপমানে যুবকের আত্মহত্যা

মৃত্যুর আগে বুদ্ধদেব জানা স্থানীয় বিশালাক্ষী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিজের রক্ত দিয়ে প্রেমিকার উদ্দেশে তাঁর গভীর ভালোবাসার কথা লিখে যান।

Truth of Bengal: প্রেমিকার পরিবারের চূড়ান্ত অপমান ও হেনস্থার জেরে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাগরদ্বীপের বঙ্কিমনগরে ২১ বছর বয়সী বুদ্ধদেব জানা নামে ওই যুবকের ঝুলন্ত দেহ স্থানীয় একটি প্রাথমিক স্কুলের বারান্দা থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর আগে বুদ্ধদেব জানা স্থানীয় বিশালাক্ষী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিজের রক্ত দিয়ে প্রেমিকার উদ্দেশে তাঁর গভীর ভালোবাসার কথা লিখে যান। বুধবার সন্ধ্যায় ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, প্রেমিকার পরিবারের দেওয়া মানসিক চাপ ও অপমানের কারণেই বুদ্ধদেব এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বুদ্ধদেবের সঙ্গে এলাকার এক নাবালিকার গত এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নাবালিকার পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। নিহতের পরিবার অভিযোগ করেছে, দিন কয়েক আগে প্রেমিকার অভিভাবকরা রাত দশটা নাগাদ বুদ্ধদেবকে তাঁদের বাড়িতে ডেকে পাঠান এবং তাঁকে চরম হেনস্তা করেন। এমনকি, বুদ্ধদেবের বাবা স্বপন জানাকেও তারা নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। বুদ্ধদেবের কাকিমা আলপনা জানার অভিযোগ, নাবালিকার আত্মীয়রা বুদ্ধদেবকে প্রচণ্ড মারধর করে এবং জোর করে একটি কাগজে লিখিয়ে নেয় যে, সে প্রেমিকার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে এবং তা আগামী ১ ডিসেম্বরের মধ্যে ফেরত দেবে। এরপর থেকেই বুদ্ধদেব মানসিক অবসাদে ভুগছিলেন।

এই ঘটনা জানাজানি হওয়ার পর মৃতের আত্মীয়-পরিজনরা প্রেমিকার পরিবারের লোকজনকে বুদ্ধদেবের মৃত্যুর জন্য দায়ী করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। এই ঘটনায় মৃত যুবকের পরিবার নাবালিকা প্রেমিকার বাবা এবং তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ ওই নাবালিকা প্রেমিকার বাবা ও তাঁর দুই আত্মীয়কে গ্রেপ্তার করেছে। ছেলেকে হারিয়ে শোকাহত বুদ্ধদেবের বাবা-মা ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

Related Articles