ঝাড়গ্রামে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ টোটো, ভোগান্তি আমজনতার
আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি।
Truth Of Bengal: সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুরু হল ঝাড়গ্রাম জেলা জুড়ে টোটো ধর্মঘট। শহরে মিছিল করে প্রতিবাদ জানায় টোটোচালকরা। টোটো সংগঠনের তরফ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়, আগামী ৭২ ঘন্টার মধ্যে তাঁদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামাবে তাঁরা।
সম্প্রতি রাজ্য পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে রাস্তায় টোটো চলাতে হলে টোটোর রেজিষ্ট্রেশন এবং টোটো চালকের লাইসেন্স বাধ্যতামূলক। তার জন্য নির্দিষ্ট টাকাও বেধে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ঝাড়গ্রাম জেলায় টোটো চলাকদের অভিযোগ, সেই নিয়মের কোনও তোয়াক্কা না করে ঝাড়গ্রাম জেলা আরটিওর তরফে একাধিক নিয়ম দেখিয়ে অনেক বেশী টাকা ধার্য করা হয়েছে। যা টোটোচালকদের পক্ষে একসঙ্গে দেওয়া অসম্ভব। পাশাপাশি পুরনো টোটোর রেজিষ্ট্রেশনও সম্ভব নয়। কারণ বর্তমানে সরকারি অনুমোদন করা টোটো না হওয়া এবং সেই সমস্ত কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় কাগজ পেতেও বহু টাকা খরচ করতে হচ্ছে। তারপরও কোনও নিশ্চিয়তা নেই। রোজই একটা করে নিয়ম পরিবর্তন করছে আরটিও, বলে দাবি। এই বেনিয়ম এবং অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে সোমবার থেকে টোটো চলানো বন্ধ রেখেছে চালকরা।
এদিকে টোটো বন্ধ হওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। ট্রেন, বাস অথবা বাজার থেকে ভারিব্যাগ নিয়ে বাড়ি ফেরার একমাত্র উপায় ছিল এই টোটো এবার তা বন্ধ হওয়য় চরম ভোগান্তিতে তারা। বিশেষ করে বয়ষ্ক মানুষজন। ফলে সাধারন মানুষ থেকে টোটো চালক সবারই আর্জি অবিলম্বে চালু হোক টোটো।






