লালুকে ঢাল করে জিততে চাইছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বড় অভিযোগ পিকের
এবার তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন জন সুরাজ পার্টির প্রধান পিকে, ওরফে প্রশান্ত কিশোর।
Truth Of Bengal: দেখতে দেখতে শেষ হয়ে গেছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৬ শতাংশ, যা প্রকাশ্যে আসার পর জয় নিয়ে আশাবাদী সকল শিবির। ১১ তারিখে শুরু হবে দ্বিতীয় দফার ভোট। এবার তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন জন সুরাজ পার্টির প্রধান পিকে, ওরফে প্রশান্ত কিশোর। কী সেই অভিযোগ? তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী লালু প্রসাদ যাদবের ভয় মানুষের মনে ঢুকিয়ে দিয়ে জিততে চাইছেন।
প্রশান্ত কিশোর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট পেতে চাইছেন আরজেডির ভয় ঢুকিয়ে। কারণ আর কিছু বলার নেই ওনার।” এরপর এনডিএকে আক্রমণ করে জন সুরাজ পার্টির প্রধান বলেন, “লালুর ভয় দেখানো হলো এনডিএ, বিজেপি এবং নীতিশ কুমারের ভোট আদায় করার সবচেয়ে বড় উপায় গত কয়েক দশক ধরে।” এরপরই বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে আনেন পিকে এবং বলেন, “তবে এবার বদলে গিয়েছে পরিস্থিতি। যদি আপনি বলেন ফিরে আসা উচিত নয় জঙ্গলরাজ, তাহলে আপনি কেন? এক নতুন বিকল্প জন সুরাজ।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণাত্মক মেজাজে বলতে শোনা যায় যে রাজ্যের প্রবীণ নাগরিকরা যেন তরুন প্রজন্মকে জানিয়ে দেন যে অপরাধীদের দাপট কেমন ছিল বিহারে লালু প্রসাদ যাদবের আমলে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “রাজ্যের সকল তরুণদের বলব, সকল তরুণদের প্রত্যেক বুথে জড়ো করতে। সঙ্গে এলাকার বয়স্কদেরও জড়ো করতে। তাঁদের অনুরোধ করবো সকলকে জঙ্গলরাজের পুরনো গল্প শোনাতে।”






