রাজ্যের খবর

পুজোর আগেই বাড়বে মদের দাম! ১ অক্টোবর থেকে নতুন মূল্য

সম্প্রতি সংস্থার সদর দফতরে দেশি-বিদেশি মদ ও বিয়ার সরবরাহ নিয়ে বিভিন্ন প্রস্তুতকারক ও সংস্থার সঙ্গে বৈঠক হয়।

Truth of Bengal: পুজোর আগেই রাজ্যে মদের দামে পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, ১ অক্টোবর থেকে নতুন মূল্য কাঠামো কার্যকর হবে। দেশি-বিদেশি মদ এবং বিয়ার—সব ক্ষেত্রেই নতুন করে দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কতটা দাম বাড়বে, তা এখনও ঘোষণা করা হয়নি।

সম্প্রতি সংস্থার সদর দফতরে দেশি-বিদেশি মদ ও বিয়ার সরবরাহ নিয়ে বিভিন্ন প্রস্তুতকারক ও সংস্থার সঙ্গে বৈঠক হয়। সেখানে জানানো হয়েছে, কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সেটি নতুন করে নথিভুক্ত করতে হবে। আবগারি আইন মেনে এবং সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম স্থির করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দোকানে আগে থেকে মজুত থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে। উৎসবের মরসুমে যাতে সরবরাহে ঘাটতি না হয়, সে বিষয়েও প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান এবং বারে মদ বিক্রি বন্ধ থাকবে। ফলে পুজোর আগে নতুন মূল্য কাঠামো নিয়ে ক্রেতা ও ব্যবসায়ী মহলে কৌতূহল বাড়ছে।