দেশ

ব্রিকসের মঞ্চে রাশিয়া-ইরানকে বার্তা মোদির, সমুদ্র নিরাপত্তায় কড়া সওয়াল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে মোদি বলেন, সংঘাতের প্রভাব সমুদ্রপথে বাণিজ্য এবং নাবিকদের নিরাপত্তার উপর পড়ছে।

Truth of Bengal: ইরান-আমেরিকা সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দিল্লিতে বসেছে ব্রিকস সম্মেলন। সেই মঞ্চ থেকেই সমুদ্রপথের নিরাপত্তা ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, নৌচলাচলের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে মোদি বলেন, সংঘাতের প্রভাব সমুদ্রপথে বাণিজ্য এবং নাবিকদের নিরাপত্তার উপর পড়ছে। তাঁর মতে, কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। আলোচনার পথে ইউক্রেনের সঙ্গে সমস্যার সমাধানের বার্তাও দেন তিনি।

মোদির বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গও উঠে আসে। হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং সমুদ্রপথে বাণিজ্যে বাধা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, কোনও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যপথ ও নাবিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া উচিত নয়। কৃষ্ণসাগর থেকে হরমুজ— গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের দায়িত্ব রয়েছে বলে তাঁর বার্তা।

একই সঙ্গে ভারতের অর্থনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সেতু তৈরি করছে। ব্রিকস দেশগুলির সম্মিলিত জনসংখ্যা বিশ্বের প্রায় অর্ধেক এবং বৈশ্বিক অর্থনীতিতেও এই গোষ্ঠীর ভূমিকা ক্রমশ বাড়ছে বলে জানান মোদি।

Related Articles