SSKM Kolkata: হাসপাতালের মহিলা ওয়ার্ডে বহিরাগত, নার্সদের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেফতার যুবক
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবককে গ্রেফতার করা হয়।
Truth of Bengal: এসএসকেএম হাসপাতালে মহিলাদের ওয়ার্ডে এক বহিরাগত যুবকের অনুপ্রবেশ এবং কর্তব্যরত নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাসপাতালটির নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। পরে ভবানীপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক যুবক এসএসকেএম-এর মেন ব্লকের মহিলাদের ওয়ার্ডে ঢুকে পড়েন। সেখানে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন। বেলার দিকে ওয়ার্ডে কর্মরত নার্সেরা তাঁকে দেখতে পেয়ে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে করেন এবং তাঁকে প্রশ্ন করেন।
অভিযোগ, প্রথমে যুবকটি নিজেকে হাসপাতালের কর্মী বলে দাবি করেন। পরে নার্সদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এবং দুর্ব্যবহার করেন। এই ঘটনায় ওয়ার্ডে চাঞ্চল্য সৃষ্টি হলে হাসপাতালের আউটপোস্টে খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রথমে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবককে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, অভিযুক্ত দাবি করেছেন, তিনি কলকাতা পুরসভার কর্মী এবং তাঁর কাছ থেকে পুরসভার একটি পরিচয়পত্রও (আই কার্ড) উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হতে পারে।
এই ঘটনার ফলে এসএসকেএমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে – এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী ভাবে একজন বহিরাগত যুবক অতি সহজে মহিলাদের ওয়ার্ডের মতো স্পর্শকাতর এলাকায় প্রবেশ করল? এর কিছুদিন আগেই এসএসকেএম হাসপাতালে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা এক কিশোরীকে ভুল বুঝিয়ে ট্রমা কেয়ারের পিছন দিকের শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন এক যুবক। ওই যুবক চিকিৎসকের পোশাক পরা ছিলেন। শৌচালয়ে কিশোরীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে লোকজন জড়ো হলে অভিযুক্ত ধরা পড়েন এবং তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।






