কলকাতা

স্বাধীনতা দিবসের ছুটিতে ভোজনরসিকদের জন্য উপহার! মিলেনিয়াম পার্কে বসছে ২ দিনের ফুড ফেস্টিভ্যাল

উৎসবে ঠিক কী কী খাবার থাকছে, সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি

Truth of Bengal: স্বাধীনতা দিবসের ছুটিতে ভোজনরসিকদের জন্য বড় সুখবর। কলকাতায় দু’দিনের ফুড ফেস্টিভ্যাল আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। আগামী ১৫ ও ১৬ আগস্ট মিলেনিয়াম পার্কে বসবে এই খাবারের উৎসব। রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যাল চলবে প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত। শুক্রবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই আয়োজনের কথা জানানো হয়েছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় পর্যটন দফতর এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করছে। উৎসবে ঠিক কী কী খাবার থাকছে, সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বর্ষার মরসুমে আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালে ইলিশের নানা পদ জায়গা করে নিতে পারে বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে থাকবে আরও বেশ কিছু বাঙালি ও রকমারি খাবারের সম্ভার।

ফলে স্বাধীনতা দিবসের ছুটিতে পরিবার বা বন্ধুদের সঙ্গে মিলেনিয়াম পার্কে গিয়ে খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পেতে পারেন শহরবাসী। কলকাতায় সরকারি উদ্যোগে খাবারের উৎসব অবশ্য নতুন কিছু নয়। এর আগে তৃণমূল সরকারের আমলেও ‘আহারে বাংলা’ নামে খাদ্য মেলার আয়োজন করা হয়েছিল। প্রাণীসম্পদ বিকাশ দফতর-সহ একাধিক সরকারি দফতরের যৌথ উদ্যোগে কলকাতার বিভিন্ন প্রান্তে বসত সেই মেলা।

মিলন মেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক এবং নিউটাউন মেলা প্রাঙ্গণের মতো জায়গায় আয়োজিত সেই খাদ্য উৎসবে বাংলার নানা স্বাদের খাবার তুলে ধরা হয়েছিল।