“তিন মাসে আবহাওয়া বদলাচ্ছে!” মিলন মেলায় তোলাবাজি ও কাটমানি নিয়ে কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রীর
তাঁর বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই প্রশাসনিক পরিবেশে পরিবর্তন অনুভব করছেন ব্যবসায়ীরা
Truth of Bengal: কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্রশিল্প সম্মেলনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিতে কেটে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বস্ত্র ব্যবসায়ী ও শিল্পপতিদের সামনে রাজ্যের নতুন শিল্পনীতি এবং ব্যবসাবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে শুভেন্দু দাবি করেন, রাজ্যে তোলাবাজি, কাটমানি ও চাঁদাবাজির মতো অপরাধে ইতিমধ্যেই রাশ টানা হয়েছে। তাঁর বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই প্রশাসনিক পরিবেশে পরিবর্তন অনুভব করছেন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী বলেন, “তিন মাসের মধ্যেই পরিবেশ বদলাচ্ছে, আপনারা তা বুঝতে পারছেন। কোনও ধরনের গুন্ডামি চলতে দেওয়া হবে না। তোলা আদায়ও বরদাস্ত করা হবে না।”
ব্যবসার প্রয়োজনীয় অনুমতি এবং ট্রেড লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় সহজ হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। তিনি জানান, কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, বর্তমানে অনলাইনের মাধ্যমেই সহজে ট্রেড লাইসেন্স পাওয়া যাচ্ছে। তাঁর কথায়, “আমি কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিলাম, তাঁরা কীভাবে ট্রেড লাইসেন্স পাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি এখন অনলাইনে হচ্ছে এবং কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে না।” তবে পার্কিং ব্যবস্থা নিয়ে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ জানিয়েছেন বলেও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। সেই সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বস্ত্রশিল্পের প্রসার এবং রাজ্যে নতুন টেক্সটাইল হাব গড়ে তোলার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান শুভেন্দু। তাঁর স্পষ্ট বার্তা, শিল্প স্থাপনের পথে কোনও আইনগত বাধা থাকলে প্রয়োজন অনুযায়ী আইন পরিবর্তন করতেও পিছপা হবে না সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “টেক্সটাইল হাব তৈরির জন্য আইন পরিবর্তনের প্রয়োজন হলে আমরা তা করব। শিল্পের বিকাশে আপনাদের যা প্রয়োজন, সরকার সেই ব্যবস্থা করবে।”





