Maa Bolla Puja: মা বোল্লার গানে ভক্তির সুর, বাউল সাধনের কণ্ঠে ফুটে উঠল দক্ষিণ দিনাজপুরের গর্ব
বাউল শিল্পী সাধন হালদার নিজের হাতে লেখা একটি বিশেষ গান প্রকাশ করেছেন।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা — মা বোল্লার পূজো শুরু হতে চলেছে শুক্রবার। দক্ষিণ দিনাজপুরের এই পূজো শুধু ধর্মীয় আচার নয়, জেলার মানুষের কাছে এটি এক গভীর আবেগের নাম। প্রতিবছর এই পূজো উপলক্ষে সারা দেশ থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ ভক্তের ঢল নামে বোল্লায়।এবার সেই মেলাকে কেন্দ্র করে জেলারই এক বাউল শিল্পী সাধন হালদার নিজের হাতে লেখা একটি বিশেষ গান প্রকাশ করেছেন। সংসারে অভাব অনটন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কষ্টের জীবন — তবু মা বোল্লাকে নিয়ে গান গাওয়ার ইচ্ছা থেমে থাকেনি তাঁর।সাধনের কথায়, “বিভিন্ন কালীক্ষেত্রে কালী মায়ের অনেক গান রয়েছে।
শিল্পীরা গানের মাধ্যমে মায়ের গুণকীর্তন করেন। কিন্তু মা বোল্লার নামে তেমন গান পাওয়া যায় না। তাই এই গানের মাধ্যমে মায়ের মহিমা সবার কাছে পৌঁছে যাক, সেটাই আমার উদ্দেশ্য।”মাসে দু-একটা বাউল আসরে গান গেয়ে সামান্য আয়েই সংসার চলে তাঁর। তবু কষ্টে জমানো টাকায় নিজেই গানটি রেকর্ড ও ভিডিও তৈরি করেছেন সাধন। সম্প্রতি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। স্থানীয় মহলে ইতিমধ্যেই গানটি প্রশংসা কুড়িয়েছে, আর মা বোল্লার মেলাকে ঘিরে উৎসবের আমেজ আরও উজ্জ্বল হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকশিল্পীদের উৎসাহ দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেই প্রেরণাতেই সাধন হালদারের মতো শিল্পীরা নিজেদের শিল্পকে নতুন মাত্রা দিচ্ছেন। তাঁদের গানেই ফুটে উঠছে রাজ্যের দর্শনীয় স্থান ও পীঠভূমির মহিমা।সাধনের কথায়, “মা বোল্লা কালীর মহিমা মানুষের মনে ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি, সকলের এই গানটা ভালো লাগবে।”দক্ষিণ দিনাজপুরের মানুষ যেমন অপেক্ষায় আছেন মা বোল্লার পূজোয় ভক্তির ঢেউয়ে ভেসে উঠতে, তেমনই বাউল সাধনের কণ্ঠে সেই ভক্তির সুরে যেন গুঞ্জরিত হচ্ছে গোটা জেলা।






