ফের কাশ্মীরে হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা, বিস্ফোরক দাবি গোয়েন্দা রিপোর্টের
আধিকারিকদের মতে, জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে ফিদায়েঁ সম্ভবত আগামী সপ্তাহে।
Truth Of Bengal: ‘অপারেশন সিঁদুর’এ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা পাকিস্তান। কিন্তু তাতেও যেন শিক্ষা হয়নি তাদের। সম্প্রতি, এক গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে যেখানে দাবি করা হয়েছে যে উপত্যকায় হামলার ছক কষছে লস্কর ও জইশ এবং এর জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে গত কয়েকমাস ধরে। এখানেই শেষ নয়, চাঞ্চল্যকর সেই রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে সীমান্তে অনুপ্রবেশ ঘটছে স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাহায্যে। বিষয়টি জানাজানি হতেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সীমান্ত এলাকার পাশাপাশি গোটা জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে।
সেই গোয়েন্দা রিপোর্টকে উল্লেখ করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বক্তব্য, ইতিমধ্যেই সন্ত্রাসবাদীদের তরফ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর। বিশেষ করে চিহ্নিত করা হয়েছে সমস্ত ফাঁকগুলি। আধিকারিকদের মতে, জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে ফিদায়েঁ সম্ভবত আগামী সপ্তাহে। শুধু তাই নয়, গোয়েন্দাদের আরও বক্তব্য, নতুন করে বর্ডার অ্যাকশন টিম ডিপ্লয় করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে।
সেই সংবাদমাধ্যম এটাও দাবি করেছে যে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে পাকিস্তানে গত সেপ্টেম্বর মাসে এবং সেখানে উপস্থিত ছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের আধিকারিকরাও। এরপরই হামলার ষড়যন্ত্র ও পরিকল্পনা করছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে হত্যা হন ভারতীয় পর্যটকরা এবং এরপরই বদলা নিতে অপারেশন সিঁদুর চালায় ভারত এবং তছনছ করে দেয় গোটা পাকিস্তানকে। অবশেষে শত্রুদেশের কাতর অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত। তবে এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয় যে ফের যদি পাকিস্তানে তরফ থেকে এমনকিছু করা হয়, তাহলে আবার জবাব দেবে ভারত।






