অরাজকতা তৈরির চেষ্টা করছেন, সেনা নিয়ে রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন রাজনাথ
তার আগে মঙ্গলবার সেখানকার এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী।
Truth Of Bengal: রাত পেরোলেই বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার আগে মঙ্গলবার সেখানকার এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। এবার তার পাল্টা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কী বক্তব্য তাঁর? রাহুল গান্ধীর বিরুদ্ধে অরাজকতা তৈরি করার অভিযোগ তোলার পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে কংগ্রেস বিভাজন তৈরি করার চেষ্টা করছে সেনার মধ্যে।
রাজনাথ সিং বলেন, “রাহুল গান্ধী অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন সেনাবাহিনীতে সংরক্ষণের দাবি করে। রাজনীতিতে টেনে আনা হচ্ছে সেনাকে।” এর সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে সেনার মধ্যে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী পরিষ্কার করে দেন যে জাত-ধর্ম বলে কিছু হয় না সেনাদের। তাঁর সাফ কথা, “কোনও জাত-ধর্ম নেই সেনার।”
প্রসঙ্গত, মঙ্গলবার বিহারের এক সভা থেকে রাহুল গান্ধী বলেছেন, “দলিত, মহাদলিত, পিছড়া বর্গ, অতি পিছড়া বর্গ বা সংখ্যালঘু দেশের জনসংখ্যার ৯০ শতাংশ। অথচ ভারতবর্ষের সব সংস্থা ও সম্পদের নিয়ন্ত্রণ হাতে রয়েছে বাকি ১০ শতাংশের। এমনকি ওই ১০ শতাংশ নিয়ন্ত্রণ করে সেনাকেও।” লোকসভার বিরোধী দলনেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ গোটা গেরুয়া শিবির।






