কলকাতা

পুরনিয়োগ মামলায় এবার সুজিত বসুর শ্যালকের নাম! তলব সিবিআইয়ের, বেআইনি চাকরিরও অভিযোগ

জেলে জেরায় সন্তুষ্ট নয় তদন্তকারীরা, ফের জিজ্ঞাসাবাদ হতে পারে সুজিত বসুকে! শ্যালককে মাধ্যম করে কীভাবে চলত ২০ কোটির নিয়োগ দুর্নীতি?

Truth of Bengal: রাজ্যের বহুল চর্চিত পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার জড়িয়ে পড়ল জেলবন্দি প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালকের নাম। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তদন্তকারীদের দাবি, সুজিত বসু তাঁর শ্যালককে মাধ্যম হিসেবে ব্যবহার করে নিয়োগ দুর্নীতির জাল বিস্তার করেছিলেন। শুধু তা-ই নয়, তাঁকেও বেআইনি উপায়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন সুজিত বসু। সমান্তরালভাবে এই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই-ও। দিন কয়েক আগেই সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদে পাওয়া উত্তরে মোটেও সন্তুষ্ট নন তদন্তকারীরা এবং প্রয়োজনে তাঁকে ফের জেরা করা হতে পারে। সুজিত কোন কোন পদ্ধতিতে আর্থিক সুবিধা নিয়েছেন এবং দুর্নীতির টাকা কীভাবে হাতবদল হয়েছে, তা জানতেই এবার তাঁর শ্যালককে তলব করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ইডি আধিকারিকরাও সুজিতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিলেন।

উল্লেখ্য, অর্থের বিনিময়ে পুরসভায় চাকরির অভিযোগে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। গত ৬ এপ্রিল বিধানসভা ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই একাধিকবার ইডি-র তলবের নোটিস পেয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারের কারণ দেখিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেও ভোট মিটতেই গত ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। এরপর ১১ মে ফের তলব করে দীর্ঘ জেরার পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি।

তদন্তকারীদের বিস্ফোরক দাবি, পুরসভায় চাকরি দেওয়ার নামে অন্তত ৩৪০ জন প্রার্থীর কাছ থেকে মাথাপিছু কমবেশি ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল, যার মধ্যে ২৮৪ জনকে অবৈধ উপায়ে নিয়োগপত্র দেওয়া হয়। একাই সুজিত বসুর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সংস্থার মতে, গোটা রাজ্যে পুরনিয়োগ দুর্নীতির অঙ্কটা প্রায় ২৫০ কোটি টাকা। এবার শ্যালককে জেরা করে সেই দুর্নীতির আরও গভীরে পৌঁছতে চাইছেন গোয়েন্দারা।

Related Articles