রাজ্যের খবর

Purba Bardhaman: বিলের জলে ভাসছে বস্তা বস্তা আধার কার্ড! সরকারি নথি নিয়ে চরম গাফিলতি!

বিলের কচুরিপানা বোঝাই জল থেকে উদ্ধার হয়েছে কয়েক বান্ডিল আধার কার্ড।

Truth of Bengal: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পিলা পঞ্চায়েত এলাকার শ্রীরামপুরে ললিতা বিলের ধারে বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিলের কচুরিপানা বোঝাই জল থেকে উদ্ধার হয়েছে কয়েক বান্ডিল আধার কার্ড।

এই অপ্রত্যাশিত দৃশ্যে আশেপাশে মুহূর্তের মধ্যে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পূর্বস্থলী থানার পুলিশ কর্মীরাও। গুরুত্বপূর্ণ সরকারি নথি এভাবে নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডগুলি গ্রাহকদের হাতে পৌঁছে যাওয়ার কথা, সেগুলি কীভাবে বিলের ধারে লুটোপুটি খাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্ধারকারীরা দাবি করেছেন, বিলের জলে হয়তো আরও আধার কার্ড থাকতে পারে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পূর্বস্থলী থানার পুলিশ ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছে। কীভাবে এই প্রয়োজনীয় নথিগুলি এভাবে বিলের ধারে এলো, এর পিছনে কাদের হাত রয়েছে এবং আধার কার্ডগুলি নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছানোর আগে কেন নষ্ট করা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles