রাজ্যের খবর

“মূলনিবাসীদের জমি কেড়ে বাংলাদেশিদের দিয়েছে সিপিএম”, কোচবিহারে বামেদের বিরুদ্ধে ‘ল্যান্ড জিহাদ’-এর সুর চড়ালেন শুভেন্দু

হেরিটেজ কমিশন থেকে শিল্পী ভাতা, কোচবিহারে রাজবংশী নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে কী কী সুখবর শোনালেন শুভেন্দু?

Truth of Bengal: বাম আমলে কোচবিহারে বর্গা ও ভূমি সংস্কার আইনের নামে মূলনিবাসী রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে, কোচবিহারে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাস উৎসবের উদ্বোধনে কোচবিহারে গিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার আগে স্থানীয় রাজবংশী ও কামতাপুরী সংগঠনের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই জমি বেদখল হওয়ার বিষয়টি উঠে আসে।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি সিপিএমকে নিশানা করে বলেন, ”সিপিএম সরকারে থাকাকালীন বর্গা ও ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কেড়ে নিয়েছে। সেই জমি বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছে তারা। এর ফলে রাজবংশী-কামতাপুরী সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হয়েছেন। এখন তো আর আগের মতো সব কিছু ঠিক করা যাবে না, কিন্তু পরবর্তী সময়ে আইনত যা করার, সরকার অবশ্যই তা করবে।” উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একাধিক সভা থেকে সীমান্ত এলাকায় ‘ল্যান্ড জিহাদ’ ও জনবিন্যাস পরিবর্তনের অভিযোগ তুলেছেন, এবার কার্যত সেই সুরেই সুর মেলালেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে জমি বেদখল ছাড়াও একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। রাজবংশী হেরিটেজ কমিশন গঠন, স্কুলগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ, পরিযায়ী শ্রমিকদের ফেরানো এবং শিল্পীদের ভাতা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।”

পাশাপাশি, রাজবংশী ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে আশ্বাস দেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সবটাই রাখা হবে। এই বিষয়ে গত ১৯ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”রাজবংশী ভাষা অষ্টম তফশিলি অন্তর্ভুক্তকরণ-সহ সংকল্পপত্রে যা বলা হয়েছে, সবটাই করা হবে।” কোচবিহারের মানুষের সার্বিক উন্নয়নে সরকার সবরকমভাবে পাশে আছে বলে এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Related Articles