বোলপুরের পর এবার হীরাপুর! দুষ্কৃতীর বাড়ি ঘিরতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি, এলাকা ছেড়ে চম্পট অভিযুক্ত
পুজোর আগে জেল থেকে বেরিয়েই ফের গা ঢাকা, বুধবার বাড়ি ফিরতেই পুলিশি হানা! কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল কুখ্যাত প্রতাপ?
উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিল্পাঞ্চল আসানসোলের হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল। সাইবার প্রতারণা, ডাকাতি-সহ একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে ‘প্যাও’-এর বাড়ি ঘিরতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে চম্পট দেয় সে। বুধবার হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মাদার টেরেজা সরণি এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় কোনো পুলিশকর্মী বা সাধারণ মানুষ আহত হননি বলেই খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রতাপ দাস পুজোর আগেই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিল এবং তারপর থেকেই গা ঢাকা দিয়েছিল। হীরাপুর থানার ইসমাইল এলাকায় একটি ভাড়াবাড়িতে প্রতাপের পরিবার থাকে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবারই প্রতাপ ওই বাড়িতে ফিরেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশ বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং চারদিক ঘিরে ফেলেছে, তা বুঝতে পেরেই পরপর দু’রাউন্ড গুলি চালিয়ে নিমেষে এলাকা ছেড়ে পালিয়ে যায় প্রতাপ।
তাৎপর্যপূর্ণভাবে, বুধবারই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাসরিন সুলতানা। আর তাঁর দায়িত্ব নেওয়ার দিনেই থানা এলাকায় দুষ্কৃতীর বন্দুকবাজির ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, প্রতাপ দাস অত্যন্ত দাগী অপরাধী। অতীতে সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র সরবরাহ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বারবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে সে ফের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে।
পলাতক প্রতাপের খোঁজে ইতিমধ্যেই গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি প্রতাপের হাতে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে এবং বাড়িতেই তা মজুত ছিল কি না, তা খতিয়ে দেখতে বাড়ির ভেতরে তল্লাশি চালানো হচ্ছে ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।





