Delhi Pollution Crisis: দিল্লিতে জারি নতুন নিয়ম! ১ নভেম্বর থেকে রাজধানীতে প্রবেশ নিষিদ্ধ হল কোন কোন বাণিজ্যিক গাড়ির?
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার থেকে কেবল মাত্র BS-VI নির্গমন মান পূরণ করা যানবাহনই দিল্লিতে প্রবেশের অনুমতি পাবে।
Truth of Bengal: দীপাবলির উৎসব শেষ হতেই রাজধানী দিল্লিতে দূষণের মাত্রা ভয়ংকর রূপ নিয়েছে। এই মারাত্মক পরিস্থিতি সামাল দিতে সরকার কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। পরিস্থিতি এখনও ‘খারাপ’ থাকায় অবশেষে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (CAQM)-এর নির্দেশে আজ, শনিবার (১ নভেম্বর) থেকে দিল্লির বাইরে নিবন্ধিত যেসব বাণিজ্যিক পণ্যবাহী যানবাহন ভারত স্টেজ-VI (BS-VI) নির্গমন মান পূরণ করতে পারে না, সেগুলির রাজধানীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দূষণ কবলিত দিল্লিকে স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার থেকে কেবল মাত্র BS-VI নির্গমন মান পূরণ করা যানবাহনই দিল্লিতে প্রবেশের অনুমতি পাবে। এর পাশাপাশি ইলেকট্রিক গাড়ির প্রবেশেও কোনো বাধা নেই। তবে, দিল্লিতে নিবন্ধিত BS-VI যানগুলিকেও প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে, পুরনো কিন্তু অপেক্ষাকৃত কম ক্ষতিকারক BS-IV ডিজেলবাহী যানগুলিকে অস্থায়ীভাবে প্রবেশে ছাড় দেওয়া হয়েছে, যা ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য দিল্লি সরকার ‘ক্লাউড সিডিং’-এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছিল। গত মঙ্গলবার এর ট্রায়াল হলেও নামমাত্র বৃষ্টি হয়, যা কার্যত কাজে আসেনি। ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়ালের জন্য প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গেছে। অথচ লাভের লাভ কিছুই হয়নি, বরং দূষণ লাফিয়ে বাড়ছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট দীপাবলির সময়সীমা বেঁধে ‘সবুজ বাজি’ ব্যবহারের অনুমতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সারারাত ধরে লাগাতার আতশবাজির কারণে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে ওঠে।
দীর্ঘ সময় ধরে চলা এই দূষণের প্রভাবে জনজীবন জেরবার। সম্প্রতি ‘কমিউনিটি প্ল্যাটফর্ম লোকালসার্কেলস’-এর একটি সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ওই সমীক্ষা অনুযায়ী, প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবারেই অন্তত একজন সদস্য এই দূষণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে পণ্যবাহী গাড়ির উপর বিধিনিষেধ আরোপ করায় দূষণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।






