ভারতের সঙ্গে ভুল করছে আমেরিকা, ট্রাম্পকে সতর্ক দেশের প্রাক্তন বাণিজ্যসচিবের
এই আবহাওয়ায় রিপাবলিকান নেতার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন আমেরিকার প্রাক্তন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো।
Truth Of Bengal: রুশ তেল কেনার জন্য ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ ট্যারিফ চাপানোকে কেন্দ্র করে টানাপড়েন তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। এর জেরে ধাক্কা খেয়েছে বাণিজ্য চুক্তির বিষয়টিও। এই আবহাওয়ায় রিপাবলিকান নেতার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন আমেরিকার প্রাক্তন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো। কী বললেন তিনি? ভারতকে ‘বন্ধু’ তকমা দিয়ে তিনি দাবি করলেন যে ভুল করা হচ্ছে তাঁদের সঙ্গে।
হার্ভার্ড কেনেডি স্কুলের ইনস্টিটিউট অফ পলিটিক্সে প্রাক্তন ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামার্সকে রাইমন্ডো এক সাক্ষাৎকার দেন এবং সেখানে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁর দাবি, “আমেরিকা ভারতের সঙ্গে ভুল করছে। এর সঙ্গে সতর্ক করে তিনি এটাও বলেন, “‘আমেরিকা ফার্স্ট’ এক জিনিস, কিন্তু পুরোপুরি ভুলনীতি ‘আমেরিকা অ্যালোন’।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন যে ডোনাল্ড ট্রাম্প যেই পথে হাঁটছেন, তা সম্পূর্ণ ভুল।
রাইমন্ডো আরও বলেন, “আমরা সকল বন্ধু দেশকেই বিরক্ত করছি। মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়বে যদি ইউরোপ, জাপান বা ভারত বন্ধু বা অংশীদার না থাকে। সফল কূটনীতি তখনি সম্ভব যখন বন্ধু এবং সহযোগিতা, দুটোই থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, তা সর্বদা চাই। বাণিজ্য বাড়ুক ইউরোপের সঙ্গে। কেমন আচরণ করছি আমরা যেন বলতে চাওয়া হচ্ছে যে তাদের দরকার নেই। এটা বড় ভুল। ভুগতে হবে একদিন এই আত্মঅহংকারের কারণে। এটা যেমন ভুল, তেমন খতরনাক নীতি। বাকি বিশ্ব বসে থাকবে না অপেক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের।”



