দেশ

India Sri Lanka: ভারত থেকে শ্রীলঙ্কা যাত্রা আরও সহজ! রামেশ্বরম-তালাইমান্নার রুটে ফেরি চালুর পরিকল্পনা

সরকারি সূত্রে খবর, প্রস্তাবিত এই নতুন ফেরি সার্ভিসটি রামেশ্বরম এবং তালাইমান্নার-এর মধ্যে চালু করার পরিকল্পনা চলছে।

Truth of Bengal: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন ফেরি সার্ভিস চালুর কথা বিবেচনা করছে ভারত সরকারের জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রক। মুম্বইয়ে মেরিটাইম উইক ২০২৫ চলাকালীন শ্রীলঙ্কার জাহাজ ও অসামরিক বিমান মন্ত্রী অনুরা করুণাতিলকে এই বিষয়ে ভারতের জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেন।

সরকারি সূত্রে খবর, প্রস্তাবিত এই নতুন ফেরি সার্ভিসটি রামেশ্বরম এবং তালাইমান্নার-এর মধ্যে চালু করার পরিকল্পনা চলছে। দুই মন্ত্রীর মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রকের পক্ষ থেকে ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ বৈঠকের বিষয়ে জানানো হয় যে এই নতুন সার্ভিস রুট চালু হলে দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষও বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নাগাপাট্টিনাম এবং কাঁকেসান্থুরাই-এর মধ্যে একটি ফেরি সার্ভিস চালু রয়েছে।

মুম্বইয়ে মেরিটাইম অনুষ্ঠানের মঞ্চে সর্বানন্দ সোনোয়াল দেশের ‘বিকশিত ভারত’ স্বপ্ন পূরণে সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে নয়া ফেরি সার্ভিস চালু হলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও উন্নত হবে। এই উদ্যোগকে দুই দেশের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles