তালিবান-পাকিস্তান সংঘাতে বিপর্যস্ত হয়ে ভারতকে পরমাণু হুমকি পাক সেনাপ্রধানের
পরিস্থিতি উত্তপ্ত থাকলেও ইসলামাবাদের তরফে কোনও আত্মসংযমের বার্তা আসেনি
Truth Of Bengal: সম্প্রতি কাবুলে পাকিস্তান একটি বিমান হামলা চালায়, যার জবাবে তালিবানরাও পালটা হামলা করে। তালিবানের এই প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও ইসলামাবাদের তরফে কোনও আত্মসংযমের বার্তা আসেনি। বরং, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হঠাৎই ভারতকে পরমাণু হুমকি দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদে পাক সেনা প্রশিক্ষণ কেন্দ্রের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান বলেন, “পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনও জায়গা নেই। ছোটখাটো কোনও উসকানিও পাকিস্তান বরদাস্ত করবে না। আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেব।” তিনি আরও বলেন, “পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা ভারতের যুদ্ধ সংক্রান্ত ধারনাকে ভেঙে দিতে পারে।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায়, একই দিন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, “দেশ বিশ্বাস করে আমাদের শত্রুরা ব্রহ্মসের হাত থেকে রেহাই পাবে না। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মস মিসাইলের রেঞ্জে রয়েছে।”
রাজনাথ আরও বলেন, “অপারেশন সিঁদুর ভারতের শক্তির সামান্য একটি দৃষ্টান্ত। ওটা ছিল ট্রেলার। সেই ট্রেলারই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, ভারত কী করতে পারে। আশা করি, বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। জয় আমাদের কাছে কেবল উদ্দেশ্য নয়, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।”
প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরই ফের ভারতকে পরোক্ষে কটাক্ষ করেন পাক সেনাপ্রধান আসিম মুনির। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই মন্তব্যে ভারত-পাক উত্তেজনা ফের তুঙ্গে উঠেছে। পরিস্থিতি নজরে রাখছে আন্তর্জাতিক মহল।


