Truth Of Bengal: এমনিতেই শুক্রবার থেকে উত্তপ্ত ওপার বাংলা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে। তার উপর শনিবার ঘটলো এক মারাত্মক ঘটনা। কী সেই ঘটনা? এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলেন ঢাকায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিরা। আগুন লাগে কার্গো কমপ্লেক্সে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে।
জানা গিয়েছে, আগুনটি লেগেছে দুপুর আড়াইটা নাগাদ ৮ নম্বর গেটের কাছে। ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ৩৬টি ইউনিট কাজ করছে এবং সেখানে উপস্থিত রয়েছে আরও কিছু বাহিনী। বিমানবন্দর কর্মকর্তা মাসুদুল হাসান জানিয়েছেন যে সমস্ত বিমান নিরাপদ রইলেও স্থগিত রাখা হয়েছে বিমান চলাচল।
সংবাদমাধ্যম প্রথম আলো অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং নৌবাহিনীর দুই প্লাটুনের তরফ থেকেও বিমানবন্দরের অন্দরে ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে যোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সংবাদমাধ্যম পুবের কলম অনুযায়ী এই পর্যন্ত আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আনসারের ১৭ জন সদস্য। যদিও কীভাবে এই ঘটনা ঘটলো বা এর উৎস কোথা থেকে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।






