ORS Restriction: বিরাট সিদ্ধান্ত নিল FSSAI! এখন থেকে WHO অনুমোদিত না হলে আর মিলবে না ‘ওআরএস’ ব্যবহারের অনুমতি
জাতিসংঘের শিশু তহবিল (UNICEF)-এর সংজ্ঞা অনুযায়ী, ওআরএস হলো জল, লবণ এবং চিনির সঠিক অনুপাতে তৈরি একটি মিশ্রণ।

Truth of Bengal: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সম্প্রতি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার জারি করা এক নির্দেশিকায় সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখন থেকে কোনো প্রস্তুতকারক বা ব্র্যান্ড তাদের পণ্যের বিজ্ঞাপনে বা লেবেলে ওআরএস (Oral Rehydration Salts) তকমা ব্যবহার করতে পারবে না। এই শব্দটি ব্যবহারের একমাত্র অনুমতি থাকবে তখনই, যখন পণ্যটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে (ORS Restriction)।
জাতিসংঘের শিশু তহবিল (UNICEF)-এর সংজ্ঞা অনুযায়ী, ওআরএস হল জল, লবণ এবং চিনির সঠিক অনুপাতে তৈরি একটি মিশ্রণ। ডায়রিয়া, হিট স্ট্রোক বা অন্যান্য অসুস্থতার কারণে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে যে ডিহাইড্রেশন বা জলের অভাব তৈরি হয়, সেই শূন্যতা পূরণে ওআরএস অত্যন্ত কার্যকর। তবে, আমেরিকান স্বাস্থ্য ওয়েবসাইট হেলথলাইন (Healthline) সতর্ক করেছে যে, ওআরএস সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুসারেই সেবন করা উচিত, কারণ এর ভুল প্রয়োগ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে FSSAI তাদের পূর্ববর্তী নির্দেশিকাগুলি বাতিল করেছে। এর আগে, ২০২২ সালের ১৪ জুলাই এবং ২০২৪ সালের ২ ফেব্রুয়ারির কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, অনেক ব্র্যান্ড তাদের ফলের রসের তৈরি পানীয়, নন-কার্বনেটেড পানীয় এবং রেডি-টু-ড্রিঙ্ক পণ্যের ব্র্যান্ড নামের আগে বা পরে ‘ORS’ শব্দটি ব্যবহার করতে পারত। তবে, সেক্ষেত্রে তাদের পণ্যের লেবেলে অবশ্যই এই সতর্কবার্তা লিখে দিতে হতো: “পণ্যটি WHO-এর সুপারিশ অনুযায়ী ওআরএস ফর্মুলা নয়” (The product is not an ORS formula as recommended by the WHO)। কিন্তু এখন থেকে এই সুযোগ আর থাকছে না (ORS Restriction)।
FSSAI-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাঃ সিভারাঞ্জনী সন্তোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের প্রশংসা করে লিখেছেন, “WHO অনুমোদিত ফর্মুলা না থাকলে আজ থেকে কেউ তাদের লেবেলে আর ওআরএস ব্যবহার করতে পারবে না। কেউ তা বিক্রিও করতে পারবে না।” বিশেষজ্ঞদের মতে, এই কঠোর পদক্ষেপের ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন না এবং প্রয়োজনের সময় সঠিকভাবে অনুমোদিত ওআরএস ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন (ORS Restriction)।






