চা-কফিতে নেসলের ডেয়ারি হোয়াইটনার ব্যবহার করছেন? ল্যাব রিপোর্টে সামনে এল উদ্বেগজনক তথ্য!
পরীক্ষার রিপোর্টে দেখা যায়, নেসলের ওই ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ নির্ধারিত গুণমানের মানদণ্ড পূরণ করতে পারেনি
Truth of Bengal: নেসলের ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’-এর একটি নমুনা পরীক্ষায় মানদণ্ড পূরণ না করার অভিযোগ উঠল। খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬-এর বিধান অনুযায়ী পরীক্ষিত নমুনাটিকে ‘সাবস্ট্যান্ডার্ড’ বা নিম্নমানের বলে চিহ্নিত করেছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। FSSAI-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নমুনাটি নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত মেসার্স ভারত হোটেলস লিমিটেড থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে অনুমোদিত খাদ্য বিশ্লেষণাগারে নমুনাটি পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, নেসলের ওই ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ নির্ধারিত গুণমানের মানদণ্ড পূরণ করতে পারেনি। সেই কারণেই খাদ্য নিরাপত্তা ও মান আইন অনুযায়ী সেটিকে নিম্নমানের বলে গণ্য করা হয়েছে।
পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষাগারের বিশ্লেষণ রিপোর্টের একটি কপি নেসলেকেও পাঠানো হয়েছে, যাতে সংস্থাটি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। এরপর ভারত হোটেলস লিমিটেডকে নোটিস জারি করে সংশ্লিষ্ট পণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে ব্যাচের নমুনা পরীক্ষায় মানদণ্ডে ঘাটতি ধরা পড়েছে, সেই পণ্য যাতে আর বাজারে বিক্রি না হয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।
উপভোক্তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনও প্যাকেটজাত খাদ্যপণ্য কেনার আগে ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং সরকারি সতর্কবার্তা যাচাই করে নেওয়ার কথা বলা হয়েছে।






