রোজ ডে-র উপহারই কাল হল! স্বামীর মুখে হাসি ফোটাতে গিয়ে এখন শ্রীঘরে যাওয়ার জোগাড় স্ত্রীর
প্রেমের উদযাপন গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত
Truth of Bengal: ভালোবাসার সপ্তাহে জীবনসঙ্গীকে চমকে দিতে চেয়েছিলেন বিহারের মুঙ্গরের এক মহিলা। গোলাপের তোড়া আর বিশেষ উপহার নিয়ে স্বামীর সঙ্গে কাটানো সেই রোমান্টিক মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই শুরু হল চরম বিপত্তি। প্রেমের উদযাপন গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।
ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গর এলাকায়। কাঞ্চন দেবী নামে সমাজমাধ্যমে বেশ পরিচিত এক মহিলা ‘রোজ ডে’ উপলক্ষ্যে তাঁর স্বামীকে একগুচ্ছ গোলাপের পাশাপাশি একটি মদের বোতল উপহার দেন। সেই ছবি তিনি নিজেই ইন্টারনেটে আপলোড করেন। উল্লেখ্য, নীতীশ কুমারের বিহারে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে স্বামীকে মদের বোতল উপহার দেওয়ার এই ঘটনাটি নীতীশ প্রশাসনের নজর এড়ায়নি। মুঙ্গরের পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ জানিয়েছেন, ওই ছবির ভিত্তিতে মহিলার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় এবং মহিলার বাড়িতে অভিযান চালানো হয়। সুরাবন্দি আইনের কড়া প্রোটোকল লঙ্ঘন করায় এই পদক্ষেপ নিয়েছে পুলিশ।
তবে কাঞ্চন দেবীর বিতর্কে জড়ানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও তিনি হাতে পিস্তল নিয়ে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন। সেই পুরনো ঘটনার প্রেক্ষিতেও পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে। বর্তমানে পুলিশি তদন্তের মুখে দাঁড়িয়ে এই মহিলার প্রেমের উদযাপনের স্বাদ এক নিমেষেই তিক্ততায় পরিণত হয়েছে।




