খেলা

মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি অধরাই থাকল সুদীপের

কিন্তু ক্রিজে যখন অনুষ্ঠুপ ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলেন, ঠিক সময়ই ৩৫ রানের মাথায় অনুষ্টুপকে নিয়ে সাজঘরে পাঠিয়ে বাংলাকে আরও একবার ধাক্কা দেয় উত্তরাখন্ড।

Truth Of Bengal: উত্তরাখণ্ড-২১৩   বাংলা-২৭৪/৬

চলতি বছরের রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে উত্তরাখণ্ডের বিপক্ষে শুরুটাও খুব একটা ভাল হল না লক্ষ্মীরতনের দলের। বুধবারের দুই অপরাজিত ব্যাটার সুদীপ ঘরামি ও সুদীপ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার ইনিংস শুরু করেন। কিন্তু সুদীপ ঘরামিকে থামতে হল মাত্র ১৫ রান করেই। মাত্র ২৩ বলে এই রান করেন সুদীপ। এরপর ক্রিজে আসেন আর এক অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার।

সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেধে দলকে টেনে নিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু ক্রিজে যখন অনুষ্ঠুপ ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলেন, ঠিক সময়ই ৩৫ রানের মাথায় অনুষ্টুপকে নিয়ে সাজঘরে পাঠিয়ে বাংলাকে আরও একবার ধাক্কা দেয় উত্তরাখন্ড। ৫৭ বলে এই রান করেন অনুষ্টুপ।

এরপর ক্রিজে আসেন উইকেটরক্ষক অভিষেক। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না ক্রিজে। ৪০ বলে ২১ রান করে তাঁকে ফিরতে হয় প্যাভেলিয়নে।

লাঞ্চের আগে চার উইকেট হারিয়ে বাংলা দল যখন ধীরে ধীরে আইসিইউ-এর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে সেই সময় সুদীপের সঙ্গে জুটি বেধে বাংলাকে টানতে থাকেন সুমন্ত। সুদীপ নিজের অর্ধ্বশতরান পূর্ণ করে ধীরে ধীরে শতরানের দিকে এগিয়ে গেলেও কপাল খারাপ তাঁর। শতরান থেকে মাত্র ২ রান দূরেই থামতে হল সুদীপকে। ২৬৪টি বল খেলে ৯৮ রান করেন তিনি।

অপর দিকে বাংলাকে ভরসা দিতে থাকেন সুমন্তও। সুদীপের মত তিনিও অর্ধ্বশতরান পূর্ণ করে বাংলাকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে থাকেন বড় রানের দিকে। সুদীপ ফিরে গেলেও দ্বিতীয় দিনের শেষে ৮২ রানে অপরাজিত থাকেন সুমন্ত। ১৪৯ বলে এই রান করেন বাংলার ব্যাটার।

রান পেলেন না বিশাল ভাট্টিও। মাত্র ১৫ রান করেই ফিরতে হয় তাঁকে। বৃহস্পতিবার দিনের শেষে বাংলার সংগ্রহ ছয় উইকেটের বিনিময়ে ২৭৪ রান। বাংলা এগিয়ে ৬১ রানে।

 

Related Articles