খেলা

আইএসএল-র বাণিজ্যিক দরপত্রের অবস্থান নিয়ে ক্ষুব্ধ ১০ ক্লাবের চিঠি এআইএফএফ-কে

কিন্তু ফেডারেশন কর্তারা যেভাবে বর্তমান বিষয়গুলিকে নিয়ে টালবাহানা শুরু করেছেন, তাতে তাঁরা যে যথেষ্ট ক্ষুব্ধ তা উল্লেখ করেছেন।

Truth Of Bengal: কিছুতেই যেন অচলাবস্থা থেকে মুক্ত হতে পারছে না ভারতীয় ফুটবল। এএফসি এশিয়ান কাপ ২০২৭ সালে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ঘরোয়া টুর্নামেন্ট বিশেষ করে আইএসএলের পাশাপাশি আইলিগ, ওমেন্স লিগ নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা দিতে পারেননি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা।

কেননা নির্ধারিত সময়ে আইএসএল-র টেন্ডার ডাকার কথা থাকলেও তা সম্ভব হয়নি। যা দেখে কার্যত আরও হতাশ হয়ে পড়ে ক্লাবগুলি। সংবাদ সংস্থা সূত্রে খবর, এরপরই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিজেদের অবস্থান জানিয়ে কড়া চিঠি লেখেন আইএসএলএ খেলা অংশগ্রহণ করা ১০টি ক্লাবের কর্তারা। জানা গিয়েছে, ওই চিঠিতে স্বাক্ষর করা ক্লাবগুলির প্রতিনিধিরা নাকি উল্লেখ করেছেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নির্ধারিত সময়সীমা (১৫ অক্টোবর) দেওয়া সত্ত্বেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল নিয়ে দরপত্র প্রকাশ করতে ব্যর্থ হল। এবং এর ফলে তাঁরা যে যথেষ্ট হতাশ হয়ে পড়েছেন তাও চিঠিতে উল্লেখ করেছেন ক্লাব কর্তারা।

সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, ওই চিঠিতে স্বাক্ষর করা ক্লাবগুলি আসন্ন সুপার কাপে অংশগ্রহণ করা নিয়ে আদৌ কোনও মতামত জানায়নি। কিন্তু ফেডারেশন কর্তারা যেভাবে বর্তমান বিষয়গুলিকে নিয়ে টালবাহানা শুরু করেছেন, তাতে তাঁরা যে যথেষ্ট ক্ষুব্ধ তা উল্লেখ করেছেন। কেননা আইএসএল নিয়ে এখনও নিজেদের অবস্থান ফেডারেশন স্পষ্ট করতে না পারার দরুণ ক্লাবগুলি যে আর্থিক সহ অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও উল্লেখ করেছেন কর্তারা।

এদিকে আগামী ২৫ অক্টোবর থেকে সুপার কাপ শুরু হওয়ার কথা। তার আগে ক্লাবগুলির এইরকম কড়া চিঠির ফলে ফেডারেশন কর্তাদের ওপর ক্লাবগুলির চাপ যে বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles