কলকাতা

শীতের হিমেল ছোঁয়া, কালীপুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি

আবহাওয়া অফিসের রবিবার রাতে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

Truth Of Bengal: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কালীপুজোর সময় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে চলতি বছর উৎসবের আনন্দে বৃষ্টির ছন্দপতনের আশঙ্কা তেমন থাকছে না।

বর্তমানে রাজ্যের আকাশ মেঘমুক্ত, বাতাসে হালকা ঠান্ডার আমেজ এবং রোদের তেজও খুব বেশি নেই, সব মিলিয়ে হেমন্তের হিমেল পরশে শীতের আগমনী বার্তা স্পষ্ট। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের বেশ কিছু অঞ্চলে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে।

উত্তর ভারতের রক্সৌল, বারাণসী, জবলপুর, আকোলা এবং আলিবাগে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এবার সেই ধারাতেই পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, বিহারের বাকি অংশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও বর্ষা বিদায়ের পথ প্রশস্ত হয়েছে।

আবহাওয়া অফিসের রবিবার রাতে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে আবহাওয়া থাকবে শুষ্ক।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আনুমানিক ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ।

সব মিলিয়ে, কালীপুজো ও দীপাবলির সময় রাজ্যে থাকবে মনোরম আবহাওয়া—নেই বৃষ্টির ভ্রুকুটি, বরং ঠান্ডা হাওয়ার পরশে উৎসবের আনন্দ হবে দ্বিগুণ।

Related Articles