দেশ

অনুপ্রবেশের চেষ্টা বানচাল! কাশ্মীরের কিস্তওয়ার জঙ্গলে খতম ২ জঙ্গি

দুপুর ১টা নাগাদ জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন জওয়ানরা।

Truth Of Bengal: কাশ্মীরের কুপওয়ারা ও কিস্তওয়ার জেলায় রবিবার দিনভর জঙ্গি দমন অভিযানকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। একদিকে নিয়ন্ত্রণরেখার কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে সেনা, অন্যদিকে কিস্তওয়ারের জঙ্গলে চলছে গুলির লড়াই।

প্রতিরক্ষা সূত্রে খবর, রবিবার ভোরে পাক অধিকৃত কাশ্মীর থেকে কয়েকজন জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করলে সতর্ক জওয়ানরা বাধা দেন। শুরু হয় গুলির লড়াই। এতে দু’জন জঙ্গি নিহত হয়। তবে দুর্গম এলাকা ও চলমান সংঘর্ষের কারণে তাদের মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি। সীমান্ত সংলগ্ন এলাকায় সব পালানোর রাস্তা বন্ধ করে দিয়েছে সেনা।

উল্লেখ্য, কেরন সেক্টর দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশের হটস্পট হিসেবে পরিচিত। বিশেষত শীতের আগে এ ধরনের প্রচেষ্টা বাড়ে। তাই বাড়তি সতর্কতায় টহল দিচ্ছেন সেনা। অন্যদিকে, এদিন দুপুরে কিস্তওয়ার জেলার কেশওয়ান এলাকার ঘন অরণ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা অভিযান শুরু হয়। দুপুর ১টা নাগাদ জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন জওয়ানরা।

প্রথমে সংক্ষিপ্ত সময়ের জন্য তীব্র গুলির বিনিময় হলেও রাত পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। সেনার দাবি, জঙ্গিদের পালানোর সমস্ত পথ আটকে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি ও কম্বিং অপারেশন।কুপওয়ারা থেকে কিস্তওয়ার— দুই জেলায় রবিবারের এই অভিযান প্রমাণ করছে, সীমান্তে অনুপ্রবেশ হোক বা ভেতরে সক্রিয় জঙ্গি দমন—কোনও ক্ষেত্রেই বিন্দুমাত্র খামতি রাখছে না নিরাপত্তা বাহিনী।

Related Articles