অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ফুটবলারদের অনেকেই আগামী দিনের তারকা হবে : ভিভিয়ানো
চলতি বছরের এই টুর্নামেন্টে ভারতের তরুণ ফুটবলাররা যে উপহার দিচ্ছে, তাতে আমি দলের কোচ হিসেবে দারুণ খুশি
Truth Of Bengal: কলম্বোতে আয়োজিত অনুর্ধ্ব-১৭ সাফ ফুটবলে তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আজ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে হবে ভিবিয়ানোর দলকে। নেপাল ম্যাচের শেষে সবেমাত্র কলম্বোর হোটেলে ফিরেই দলের এইরকম দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি আগামী দিনে ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর সুদীপ্ত ভট্টাচার্যকে দিলেন দলের হেড কোচ তথা ময়দানের প্রাক্তন ফুটবলার ভিভিয়ানো ফার্নান্ডেজ (Bibinao Fernandes)।
আরও পড়ুনঃ সীমান্ত থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার এক
প্রশ্ন – অনুর্ধ্ব ১৭ সাফ কাপে আপনার প্রশিক্ষণে ভারতীয় তরুণ ব্রিগেড দুরন্ত ফুটবল উপহার দিচ্ছে। এমনকি পর পর তিন ম্যাচে জয়। কোচ হিসেবে কি বলবেন দলের এমন সাফল্যে?
ভিভিয়ানো- চলতি বছরের এই টুর্নামেন্টে ভারতের তরুণ ফুটবলাররা যে উপহার দিচ্ছে, তাতে আমি দলের কোচ হিসেবে দারুণ খুশি। কেননা যে কোনও কোচই তাঁর দলের সাফল্যে খুশি হয়ে থাকেন। আমিও তার ব্যতিক্রম নই। তবে তাই বলে এখনই অতিরিক্ত আনন্দ বা সেলিব্রেশন করতে রাজি নই। আগে ট্রফি জয় করি, তারপর না হয় সেলিব্রেশন করা যাবে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রশ্ন- শনিবার বাংলাদেশের বিরুদ্ধ ফাইনাল ম্যাচ কি ভাবছেন ম্যাচ নিয়ে ?
ভিভিয়ানো- বাংলাদেশ একটি শক্তিশালী দল। আমাদের মত ওরাও চেষ্টা করবে ট্রফি জয়ের জন্য। তবে আমার ছেলেরা যদি এই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে জয় পাওয়া অস্বাভাবিক কিছু নয় বলেই আমার মনে হয়।
প্রশ্ন-ভিভিয়ানো বরাবরই চুপচাপ থাকতে ভালবাসেন, যখন ফুটবলার ছিলেন তখনও দেখেছি, বেশি কিছু কথা বলতে চাইতেন না, শুধু নিজের খেলা নিয়েই ব্যস্ত থাকতে চাইতেন। কোচ হিসেবেও দেখছি সেই পুরনো ভিভিয়ানোই রয়ে গিয়েছেন?
ভিভিয়ানো- অবশ্যই। আমার কোনও পরিবর্তন হয়নি। আসল কথা আমি কথায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। এবং আমার ছেলেদেরও আমি এক কথাই বার বার বলি। (Bibinao Fernandes)
প্রশ্ন – বর্তমানে এই দলটাকে কিভাবে এত সুন্দর একটা দলে পরিণত করলেন তার পদ্ধতিটা যদি একটু বলেন।
ভিভিয়ানো- আমার মনে হয় ভারতবর্ষে প্রতিভাবান খেলোয়াড়দের অভাব নেই। দরকার শুধু তাঁদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে উপযুক্ত পরিকাঠামোর পাশাপাশি আন্তর্জাতিক মানের ট্রেনিং দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করা। এই যে অনুর্ধ্ব-১৭ দলটা দেখছেন, দলটাকে পুরোপুরি তৈরি করার জন্য আমাকে গোয়াতে দীর্ঘ দুইমাস ধরে ক্যাম্প করে কঠোর অনুশীলনের মাধ্যমে তৈরি করতে হয়েছে। তারফলেই ছেলেরা আজ সাফল্য পেয়েছে। এটাও ছেলেদের বলেছি, এখানেই থেমে থাকলে হবে না, আরও অনেকদূর এগিয়ে যেতে হবে। মনে কর এভারেস্টের শৃঙ্গ জয় করতে গেলে যে রকম পরিশ্রম করতে হয় একজন ক্ল্যাইমারদের, তোমাদের তাই করতে হবে। এখন তোমরা সবে শৃঙ্গ জয়ের জন্য রাস্তায় হাঁটা শুরু করেছ। এরপর বেসক্যাম্পে পৌঁছতে হবে, তারপর তো ক্লাইম্বিং শুরু করবে। সুতরাং নিজেদের তৈরি রাখার পরামর্শই দিয়েছি ওদের। ওরা কথা শুনেছে। তার জন্যই সাফল্য পাচ্ছে। তবে র্নামেন্ট শেষের পর আমাদের থেমে থাকলে চলবে না, দলটাকে আরও শক্তিশালী করার প্রয়াস চালিয়ে যেতে হবে। (Bibinao Fernandes)
প্রশ্ন – এবারের এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এবং ক্রিকেটারদের মত, আপনার ছেলেরাও চির প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। তাহলে কি সূর্য-হার্দিক-বুমরাদের দেখেই আপনার ছেলেরা এই ম্যাচের জন্য অনুপ্রাণিত হয়েছিল, নাকি আপনি তাঁদের আলাদা করে কোনও পেপটক দিয়েছিলেন?
ভিভিয়ানো- না না, এইরকম কোনও ব্যাপার নয়। ক্রিকেটাররা তাঁদের কাজ করেছেন, আর আমার ছেলেরা তাঁদের কাজ করেছে। আমার ছেলেদের একটাই কথা বলেছি, প্রতিপক্ষ কে আছে ভেবে লাভ নেই। তোমরা দেশের জার্সি গায়ে মাঠে নামবে। সুতরাং মাথায় রাখতে হবে কোনওভাবেই যাতে দেশের মান ক্ষুন্ন না হয়। ওরা সেইমত নিজেদের উজাড় করে দিয়েই জয় ছিনিয়ে এনেছে। এটা দলগত সাফল্য। (Bibinao Fernandes)
প্রশ্ন-চলতি বছরে কাফা নেশন কাপে দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় সিনিয়র দল। এবার অনুর্ধ্ব-১৭ সাফ কাপেও আপনার দল ভাল খেলছে। আপনি কি মনে করেন আগামী দিনে এটাই ভারতীয় দলের ইউএসপি?
ভিভিয়ানো- দেখুন এটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। কিন্তু এইটুকু আমি বলতে পারি, এদের প্রত্যেকেই যথেষ্ট প্রতিশ্রুতিমান খেলোয়াড়। এবং তাঁদের প্রত্যেকেরই আগামী দিনে বড় ফুটবলার হওয়ার গুণ রয়েছে। তবে শীর্ষে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। ছেলেদের সেই স্থানে পৌঁছতে গেলে সেটাই এখন করতে হবে মনোযোগ দিয়ে। মাথায় রাখতে হবে ফুটবলই তাদের যাবতীয় ধ্যান-জ্ঞান।
প্রশ্ন- অনেক প্রাক্তন জাতীয় ফুটবলার প্রায়ই বলেন যে, ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে স্কুলগুলিতে আরও বেশি ফুটবলের প্রসার চালু করতে হবে। আপনি কি এই বিষয়টাতে একমত? (Bibinao Fernandes)
ভিভিয়ানো- আমি তাঁদের সঙ্গে এই বিষয়টাতে একমত হতে পারলাম না। আমার মনে হয় ভারতীয় ফুটবলের উন্নতি সাধণ করতে সবার আগে যেটা দরকার সেটা হল প্রতিটি বয়েসের খেলোয়াড়দের নিয়ে অনেক প্রতিযোগিতার আয়োজন করা। তার ফলে খেলোয়াড়রা তাঁদের প্রতিভাগুলি দেখাতে পারবেন। এর পাশাপাশি যুব লিগ চালু করা উচিত। যেমন ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৯ বছর বয়সীদের নিয়ে। আমার মনে হয় সেখান থেকেই আগামী দিনের প্রতিভাবান ফুটবলাররা উঠে আসবেন।


