কলকাতা

Teacher Recruitment: ১৩,৪২১ পদে নিয়োগের হাত ধরে শিক্ষা দফতরে ‘শারদীয়ার আনন্দ’, নিয়োগ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

পর্ষদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় ২০২২ সাল এবং ২০২৩ সালের প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

Truth of Bengal: দুর্গাপূজার উৎসবের আবহে রাজ্যের যুবসমাজের জন্য বিশাল সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। পুজোর পরই রাজ্য জুড়ে ১৩,৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি (Notification) আনুষ্ঠানিকভাবে জারি করেছে। পর্ষদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় ২০২২ সাল এবং ২০২৩ সালের প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অপেক্ষার অবসান হবে বলে মনে করা হচ্ছে (Teacher Recruitment)।

বুধবারই ২০২৩ সালের প্রাথমিকের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল, যেখানে ৬,৭৫৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, ২০২২ সালের টেটের ফল প্রকাশ হলেও সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই আশ্বাস দিয়েছিলেন যে ২০২২ সালের টেট উত্তীর্ণদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেই আশ্বাসের প্রতিফলন ঘটল এই নতুন বিজ্ঞপ্তিতে (Teacher Recruitment)।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন তাঁর এক্স হ্যান্ডেলে এই খবরটি জানিয়ে বলেন, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। সকল চাকরি প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসে (৫ সেপ্টেম্বর) ঘোষণা করেছিলেন যে প্রাথমিক শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে। তাঁর সেই ঘোষণা মেনেই দ্রুততার সঙ্গে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল (Teacher Recruitment)।

Related Articles