আত্মনির্ভর ভারতের পথে এগোচ্ছে দেশ, জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ
এই সংস্কারে পূর্বের চার স্তরের কর কাঠামোকে সরল করে আনা হয়েছে মূলত দুই স্তরে।
Truth Of Bengal: নতুন জিএসটি হার কার্যকর হওয়ার একদিন আগেই রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রধানমন্ত্রী দফতরের তরফে ভাষণের বিষয়বস্তু আগেভাগে জানানো হয়নি, তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, মোদীর ভাষণের মূল উপজীব্য ছিল সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা সরলীকৃত পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামো। (Narendra Modi)
আরও পড়ুনঃ পাহাড়-নদী-জঙ্গল আর ঝরনার অফবিট স্বর্গ, জানেন এই ঠিকিনা?
প্রধানমন্ত্রী (Narendra Modi) এই নতুন কর সংস্কারকে তাঁর বৃহত্তর ‘আত্মনির্ভর ভারত’ অর্থনৈতিক দর্শনের সঙ্গে যুক্ত করে তুলে ধরেন। তিনি বলেন, কর কাঠামো সহজতর হলে সাধারণ মানুষের হাতে আরও টাকা থাকবে এবং ছোট থেকে বড় ব্যবসার উপর থেকেও চাপ অনেকটাই কমবে।
এই সংস্কারে পূর্বের চার স্তরের কর কাঠামোকে সরল করে আনা হয়েছে মূলত দুই স্তরে। অত্যাবশ্যক পণ্যগুলিতে এখন থেকে মাত্র ৫ শতাংশ GST বসবে। অন্যদিকে অধিকাংশ পণ্য ও পরিষেবার উপর কর হবে ১৮ শতাংশ। ১২ ও ২৮ শতাংশের বহু পণ্যকে নিচু স্তরে নামিয়ে আনা হয়েছে।(Narendra Modi)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এফএমসিজি, অটোমোবাইল, খুচরো ব্যবসা সহ বিভিন্ন শিল্প ক্ষেত্র ইতিমধ্যেই ঘোষণা করেছে পণ্যের দাম কমানোর কথা। এর ফলে ঘরোয়া বাজারে যেমন সাশ্রয় হবে, তেমনই ব্যবসায়িক ক্ষেত্রেও খরচ হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চাল-ডাল, তেল-মসলা, সাবান, টুথপেস্ট, রেফ্রিজারেটর, বাইক বা টিভির মতো জিনিসেও কমবে দাম— এই সংস্কারের প্রভাব ঘরের বাজার থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য— সর্বত্র অনুভূত হবে বলেই মনে করা হচ্ছে। দেশজুড়ে এই কর সংস্কারকে স্বাগত জানাচ্ছেন অর্থনীতিবিদ ও শিল্পমহল। তাদের মতে, এই পদক্ষেপ ভারতের ভোক্তা অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।






