খেলা

সাত বছরে প্রথম! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খালি হাতে নীরজ

ফাইনালের মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন নীরজ।

Truth Of Bengal: টোকিও অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়াকে এবার ফিরলেন খালি হাতে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটিও পদক জিততে পারলেন না ভারতের ‘সোনার ছেলে’। গতবার এই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন তিনি। এবার যোগ্যতা অর্জন পর্বে মাত্র একবারই থ্রো করে ৮৪.৮৫ মিটার ছুঁয়ে সহজেই ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালের মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন নীরজ।

টোকিয়ো অলিম্পিক্সে যে স্টেডিয়ামে সোনা ঘরে এনেছিলেন সেই স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিক্সে তৃতীয় পদক হাতছাড়া করলেন পানিপথের ছেলে ৷ সোনা তো এলই না, কোনও পদকই এদিন জিততে ব্যর্থ নীরজ ৷ ফাইনালে প্রথম থ্রোতে ৮৩.৬৫ মিটার, দ্বিতীয় থ্রোতে ৮৪.০৩ মিটার ছুঁলেন তিনি। এটাই ছিল তাঁর সেরা পারফরম্যান্স। তৃতীয়বার ইচ্ছাকৃত ফাউল, চতুর্থবারে ৮২.৮৬ মিটার, আর পঞ্চমবার লাইনের বাইরে চলে গিয়ে থ্রো নষ্ট করেন। ফলে পদক জয়ের স্বপ্ন ভেঙে যায় নীরজের।

নীরজ প্রথম রাউন্ডের পর থেকেই তাঁর খেলা নিয়ে হতাশ ছিলেন, বারবার তাঁকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল। চতুর্থ রাউন্ডে তাই নজরে ছিলেন নীরজ। কিন্তু তিনি ফের হতাশ করেন। চতুর্থ রাউন্ডে ৮২.৮৬ মিটার থ্রো করেন। পঞ্চম রাউন্ডে নীরজ চলে যান অষ্টম স্থানে। সেই রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। ষষ্ঠ রাউন্ডেও ছবি একই, নীরজের থ্রো বাতিল হলো। ফলে ৮৪.০৩ মিটারের সেরা থ্রো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে এবং ছিটকে গেলেন তিনি। চলতি বছরটা নীরজের অন্যতম খারাপ বছর যাচ্ছে। ২০২২  সালে ইউজেনে রুপোজয়ের পর ২০২৩ সালে পদকের রং বদল করে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেছিলেন তিনি ৷ গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজের হাত ধরে একটি সোনাই এসেছিল ভারতের ঘরে ৷ তাই বলা যায়, এদিন নীরজের সঙ্গে সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের স্বপ্ন কার্যত ফিকে হয়ে গেল ভারতেরও ৷

অন্যদিকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগেই ছিটকে গিয়েছিলেন অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিম। তবে নীরজের ব্যর্থতার দিনে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিলেন ভারতের উদীয়মান প্রতিভা শচীন যাদব। ২৫ বছর বয়সি এই জ্যাভলিন থ্রোয়ার নিজের প্রথম প্রচেষ্টাতেই ছুঁলেন ৮৬.২৭ মিটার, যা তাঁর ব্যক্তিগত সেরা রেকর্ড। এরপর ধারাবাহিকভাবে ৮৫ মিটারের কাছাকাছি থ্রো করতে থাকেন তিনি। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও চতুর্থ স্থানে থেকে নজর কাড়লেন তরুণ শচীন। একদিকে নীরজের ব্যর্থতায় অন্যদিকে শচীনের দারুণ পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো জাগাচ্ছে   ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

Related Articles