স্বাস্থ্য

Presbyopia Drops: চশমা বা অস্ত্রোপচার নয়! চোখের ড্রপেই ফিরবে দূরদৃষ্টি

Presbyopia এক ধরনের দূরদৃষ্টি সমস্যা, যা সাধারণত মানুষের ৪০ বছর বয়সের পর শুরু হয়।

Truth of Bengal: দীর্ঘদিন ধরে দূরদৃষ্টিতে (Presbyopia) ভোগা মানুষদের জন্য আশার আলো নিয়ে এল এক নতুন গবেষণা। এখন আর চশমা কিংবা অস্ত্রোপচারের উপর নির্ভর করতে হবে না — কারণ গবেষকরা এমন বিশেষ ধরনের চোখের ড্রপ আবিষ্কার করেছেন, যা প্রয়োগের ফলে দৃষ্টিশক্তি উন্নত হচ্ছে এবং সেই উন্নতি দীর্ঘ দু’বছর ধরে স্থায়ী থাকছে। এই নতুন গবেষণা সম্প্রতি ইউরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জনস (ESCRS)-এর বার্ষিক সম্মেলনে ডেনমার্কের কোপেনহাগেনে উপস্থাপিত হয় (Presbyopia Drops)।

Presbyopia এক ধরনের দূরদৃষ্টি সমস্যা, যা সাধারণত মানুষের ৪০ বছর বয়সের পর শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের লেন্স নমনীয়তা হারায়, যার ফলে নিকটবর্তী বস্তু পরিষ্কার দেখা কঠিন হয়ে পড়ে। সাধারণত এই সমস্যা দূর করতে চশমা অথবা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে অনেকেই চশমা পরতে অস্বস্তি বোধ করেন, আবার অনেকের পক্ষেই অস্ত্রোপচার করানো সম্ভব হয় না। এই সমস্যার সহজ সমাধান হিসেবেই আবির্ভূত হয়েছে নতুন চোখের ড্রপ। গবেষণায় অংশ নেওয়া ৭৬৬ জন ব্যক্তি দিনে দু’বার করে এই চোখের ড্রপ ব্যবহার করেন — একবার সকালে ঘুম থেকে ওঠার পর এবং আরেকবার ছ’ঘণ্টা পরে। ড্রপটিতে রয়েছে দুটি উপাদান: পিলোকারপিন (Pilocarpine), ডাইক্লোফেনাক (Diclofenac)। এই দুই উপাদানের সংমিশ্রণে চোখের পেশিতে নমনীয়তা ফিরে আসে এবং নিকটবর্তী বস্তুর প্রতি দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়।

গবেষণায় অংশগ্রহণকারীদের তিনটি ভাগে ভাগ করা হয় — প্রত্যেকের ড্রপে ডাইক্লোফেনাকের পরিমাণ একই থাকলেও পিলোকারপিনের ঘনত্ব ছিল ভিন্ন। গবেষণার এক ঘণ্টা পরেই দেখা যায়, গড়ে ৩.৪৫ লাইনের উন্নতি হয়েছে জেগার আই চার্টে (Jaeger eye chart), যা নিকটবর্তী বস্তু দেখার মানদণ্ড হিসেবেই ব্যবহার হয় (Presbyopia Drops)।

গবেষণা দলের প্রধান, ডঃ জিওভান্না বেনোজ্জি, যিনি বুয়েনোস আইরেসের Centre for Advanced Research for Presbyopia-র পরিচালক, বলেন —“আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হল — ড্রপ ব্যবহারের পর তিনটি আলাদা ঘনত্বের ক্ষেত্রেই দ্রুত এবং দীর্ঘস্থায়ীভাবে দৃষ্টিশক্তির উন্নতি দেখা গেছে।” বিশদ ফলাফল: ১% পিলোকারপিন ব্যবহারকারীদের মধ্যে ৯৯ শতাংশ (১৪৮ জনের মধ্যে) নিকটবর্তী দৃষ্টিতে সর্বোত্তম মান অর্জন করেছেন এবং কমপক্ষে দুই বা ততোধিক লাইন স্পষ্টভাবে পড়তে পেরেছেন। ২% পিলোকারপিন গ্রহণকারীদের মধ্যে ৬৯ শতাংশ (২৪৮ জনের মধ্যে) তিন বা তার বেশি লাইন পড়তে সক্ষম হন। ৩% পিলোকারপিন ব্যবহারকারীদের মধ্যে ৮৪ শতাংশ (৩৭০ জনের মধ্যে) তিন বা ততোধিক লাইন উন্নতি দেখিয়েছেন (Presbyopia Drops)।

এই গবেষণার ফলাফল দূরদৃষ্টিতে ভোগা লক্ষ লক্ষ মানুষের জন্য এক বিপ্লবাত্মক সমাধানের পথ খুলে দিল।
দীর্ঘমেয়াদি চিকিৎসার বিকল্প হিসেবে এই ড্রপ চশমার মতো ঝামেলাপূর্ণ সমাধান থেকে মুক্তি দিতে পারে। যদিও এটি এখনো বাণিজ্যিকভাবে উপলব্ধ নয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আশাবাদী, শীঘ্রই এই চোখের ড্রপ বাজারে আসতে পারে একটি কার্যকর ও সহজ চিকিৎসা হিসেবে।

Related Articles